সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

হাম নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১২:২২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১২:২২:৫০ পূর্বাহ্ন
হাম নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুর ভর্তি হওয়া এবং আরও এক শিশুকে গুরুতর নিউমোনিয়ার কারণে সিলেটে পাঠানোর ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন স্বাস্থ্যসংবাদ নয়; বরং এটি আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম-এর প্রাদুর্ভাব বাড়ছে - যা উদ্বেগজনক এবং তাৎক্ষণিক মনোযোগ দাবি করে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুর হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ভেসে থেকে অন্যদের সংক্রমিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, একজন আক্রান্ত শিশু আশপাশের বহু শিশুকে সংক্রমিত করার ক্ষমতা রাখে। ফলে ঘনবসতিপূর্ণ এলাকা ও স্বাস্থ্য সচেতনতার অভাব এই রোগের বিস্তারকে আরও ত্বরান্বিত করে। অতীতে টিকাদান কর্মসূচির সফলতার কারণে হাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে টিকাদানে শিথিলতা, গুজব এবং অসচেতনতার কারণে আবারও এই রোগ মাথাচাড়া দিয়ে উঠছে। এটি দুঃখজনক হলেও বাস্তব যে, অনেক অভিভাবক এখনও টিকার গুরুত্ব অনুধাবন করতে পারছেন না বা ভুল তথ্যের কারণে শিশুদের টিকা দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। হামের লক্ষণ প্রথমে সাধারণ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া দিয়ে শুরু হলেও পরবর্তীতে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে এটি জটিল রূপ নেয় - বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ায় অন্য সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিরোধ। আর প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকাদান। নির্ধারিত সময় অনুযায়ী এমআর (মিজলস-রুবেলা) টিকার দুই ডোজ গ্রহণ করলে অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি, তাদের দ্রুত টিকাদানের আওতায় আনা জরুরি। এছাড়া অভিভাবকদের সচেতনতা বাড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জ্বর বা র‌্যাশ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা - এসব বিষয় অবহেলা করা চলবে না। সরকার ও স্বাস্থ্য বিভাগকে এই পরিস্থিতিতে আরও সক্রিয় হতে হবে। গ্রাম থেকে শহর - সব জায়গায় টিকাদান কর্মসূচি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। সবশেষে বলতে হয়, হাম কোনো অবহেলার রোগ নয়। এটি প্রতিরোধযোগ্য, কিন্তু অবহেলা করলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই এখনই সময় সচেতন হওয়ার, দায়িত্ব নেওয়ার এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স