অবৈধভাবে মাটি পরিবহন, দুই উপজেলায় ৩ জনকে জরিমানা
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৯:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৯:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ৬ নভেম্বর বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সকিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি মামলা দায়ের করে দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ১৫(১) ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারা অনুযায়ী মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, গত ৭ নভেম্বর রাত ৭টা ২০ মিনিটে ধর্মপাশা উপজেলার হাসপাতাল পয়েন্টে অবৈধভাবে মাটি পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়। এ সময় একটি মামলা দায়ের করে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ