অবৈধভাবে মাটি পরিবহন, দুই উপজেলায় ৩ জনকে জরিমানা

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৯:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৯:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত ৬ নভেম্বর বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সকিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি মামলা দায়ের করে দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ও ১৫(১) ধারা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারা অনুযায়ী মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, গত ৭ নভেম্বর রাত ৭টা ২০ মিনিটে ধর্মপাশা উপজেলার হাসপাতাল পয়েন্টে অবৈধভাবে মাটি পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়। এ সময় একটি মামলা দায়ের করে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com