সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

শীতকালীন সবজি চাষে প্রণোদনা জরুরি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন
শীতকালীন সবজি চাষে প্রণোদনা জরুরি
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে সবজি চাষের গুরুত্ব অপরিসীম। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সবজি উৎপাদন গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের আয়ের অন্যতম উৎস হিসেবে ভূমিকা রাখছে। বিশেষ করে শীতকালীন সবজি দেশের বাজারে সরবরাহের বড় একটি অংশ পূরণ করে। অথচ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরসহ বিভিন্ন উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ থাকলেও সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাব তাঁদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জেলার বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, সদরসহ বিভিন্ন উপজেলায় বিপুলসংখ্যক কৃষক শিম, করলা, বেগুন, মরিচ, টমেটো, লাউ, কপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষ করছেন। কৃষকেরা নিজেদের অর্থায়নে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও পরিচর্যায় বিপুল অর্থ বিনিয়োগ করছেন। তাঁদের অনেকের প্রত্যাশা, ভালো ফলন ও অনুকূল বাজার পেলে উল্লেখযোগ্য লাভ হবে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এই আশার পেছনে রয়েছে বড় ধরনের আর্থিক ঝুঁকি। কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিনির্ভরতা। অতিবৃষ্টি, বন্যা, খরা, পোকামাকড়ের আক্রমণ কিংবা রোগবালাইয়ের কারণে মুহূর্তেই কৃষকের স্বপ্ন ভেঙে যেতে পারে। অন্যদিকে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষকের লাভের আশা পূরণ হয় না। তাই শুধু ভালো বাজারের প্রত্যাশা কিংবা প্রকৃতির অনুকূল আচরণের ওপর কৃষকের ভাগ্য ছেড়ে দেওয়া যায় না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। দুঃখজনক বিষয় হলো, কৃষকেরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সবজি উৎপাদন করলেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সরকারি প্রণোদনা পাননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। গত মৌসুমে সার ও বীজ দেওয়া হলেও এ মৌসুমে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। পাশাপাশি পর্যাপ্ত জনবলের অভাবে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে এ সীমাবদ্ধতা দূর করা প্রয়োজন। আমরা মনে করি, সুনামগঞ্জের সবজি চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে সার, উন্নতমানের বীজ, নিরাপদ বালাইনাশক ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিতি বাড়ানো, রোগবালাই দমনে প্রশিক্ষণ, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং কৃষিপণ্য সংরক্ষণ ও পরিবহনের সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা ও সরাসরি বাজারজাতকরণের সুযোগও বাড়ানো দরকার। সুনামগঞ্জের কৃষকেরা নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে সবজি উৎপাদনের যে সম্ভাবনা তৈরি করেছেন, তা অবহেলার সুযোগ নেই। তাঁদের পাশে দাঁড়ানো মানে শুধু কয়েকজন কৃষককে সহায়তা করা নয়; বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তাকে শক্তিশালী করা। প্রকৃতির ওপর নির্ভরতা কমিয়ে পরিকল্পিত সরকারি সহযোগিতার মাধ্যমে সবজি চাষকে লাভজনক ও টেকসই করতে হবে। কৃষকের ঘাম যেন লোকসানের কারণ না হয়ে সমৃদ্ধির পথ তৈরি করে - এটাই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রাধিকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ