শীতকালীন সবজি চাষে প্রণোদনা জরুরি

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:২৬:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে সবজি চাষের গুরুত্ব অপরিসীম। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সবজি উৎপাদন গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের আয়ের অন্যতম উৎস হিসেবে ভূমিকা রাখছে। বিশেষ করে শীতকালীন সবজি দেশের বাজারে সরবরাহের বড় একটি অংশ পূরণ করে। অথচ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরসহ বিভিন্ন উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ থাকলেও সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহযোগিতার অভাব তাঁদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জেলার বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, সদরসহ বিভিন্ন উপজেলায় বিপুলসংখ্যক কৃষক শিম, করলা, বেগুন, মরিচ, টমেটো, লাউ, কপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষ করছেন। কৃষকেরা নিজেদের অর্থায়নে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও পরিচর্যায় বিপুল অর্থ বিনিয়োগ করছেন। তাঁদের অনেকের প্রত্যাশা, ভালো ফলন ও অনুকূল বাজার পেলে উল্লেখযোগ্য লাভ হবে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এই আশার পেছনে রয়েছে বড় ধরনের আর্থিক ঝুঁকি। কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রকৃতিনির্ভরতা। অতিবৃষ্টি, বন্যা, খরা, পোকামাকড়ের আক্রমণ কিংবা রোগবালাইয়ের কারণে মুহূর্তেই কৃষকের স্বপ্ন ভেঙে যেতে পারে। অন্যদিকে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষকের লাভের আশা পূরণ হয় না। তাই শুধু ভালো বাজারের প্রত্যাশা কিংবা প্রকৃতির অনুকূল আচরণের ওপর কৃষকের ভাগ্য ছেড়ে দেওয়া যায় না। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। দুঃখজনক বিষয় হলো, কৃষকেরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সবজি উৎপাদন করলেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সরকারি প্রণোদনা পাননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। গত মৌসুমে সার ও বীজ দেওয়া হলেও এ মৌসুমে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। পাশাপাশি পর্যাপ্ত জনবলের অভাবে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে এ সীমাবদ্ধতা দূর করা প্রয়োজন। আমরা মনে করি, সুনামগঞ্জের সবজি চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে সার, উন্নতমানের বীজ, নিরাপদ বালাইনাশক ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিতি বাড়ানো, রোগবালাই দমনে প্রশিক্ষণ, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং কৃষিপণ্য সংরক্ষণ ও পরিবহনের সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা ও সরাসরি বাজারজাতকরণের সুযোগও বাড়ানো দরকার। সুনামগঞ্জের কৃষকেরা নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে সবজি উৎপাদনের যে সম্ভাবনা তৈরি করেছেন, তা অবহেলার সুযোগ নেই। তাঁদের পাশে দাঁড়ানো মানে শুধু কয়েকজন কৃষককে সহায়তা করা নয়; বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তাকে শক্তিশালী করা। প্রকৃতির ওপর নির্ভরতা কমিয়ে পরিকল্পিত সরকারি সহযোগিতার মাধ্যমে সবজি চাষকে লাভজনক ও টেকসই করতে হবে। কৃষকের ঘাম যেন লোকসানের কারণ না হয়ে সমৃদ্ধির পথ তৈরি করে - এটাই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রাধিকার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com