মানবপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নিন
- আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:২৮:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:২৮:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের কাছে ইউরোপ এখনো উন্নত জীবনের প্রতীক। কর্মসংস্থানের সংকট, দারিদ্র্য, সামাজিক মর্যাদা অর্জনের আকাক্সক্ষা এবং দ্রুত অর্থনৈতিক উন্নতির স্বপ্ন অনেককে বৈধ পথ এড়িয়ে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই স্বপ্নের পথ ক্রমেই পরিণত হচ্ছে মৃত্যু, নির্যাতন ও সর্বস্ব হারানোর এক ভয়াবহ ফাঁদে।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই বছরে শুধু সুনামগঞ্জ থেকেই অন্তত ২১৫ জন তরুণ লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন। এর বাইরে কতজন সাগরে প্রাণ হারিয়েছেন, কতজন এখনো মাফিয়া চক্রের হাতে বন্দি কিংবা নিখোঁজ রয়েছেন - তার সঠিক হিসাব নেই। ভুক্তভোগীদের বর্ণনায় উঠে এসেছে অমানবিক নির্যাতন, জিম্মিদশা, মুক্তিপণের জন্য পরিবারকে চাপ, এমনকি মৃত্যুর হুমকির মতো ভয়ঙ্কর বাস্তবতা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে সংঘবদ্ধ দালালচক্র। তারা গ্রামের সহজ-সরল যুবকদের ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবারগুলো জমিজমা বিক্রি করে, ঋণ নিয়ে কিংবা গবাদিপশু বিক্রি করে অর্থ জোগাড় করছে। অথচ গন্তব্যে পৌঁছানোর আগেই অনেকেই বন্দি হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে কিংবা ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে প্রাণ হারাচ্ছে।
মানবপাচার এখন শুধু একটি আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি একটি সামাজিক, অর্থনৈতিক ও মানবিক সংকট। এই সংকট মোকাবিলায় কেবল মামলা দায়ের করাই যথেষ্ট নয়। দালালদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। যেসব মামলার তদন্ত চলছে, সেগুলোর অগ্রগতি জনসম্মুখে তুলে ধরতে হবে, যাতে মানুষ বিচারহীনতার ধারণা থেকে বেরিয়ে আসে।
একইসঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রামের তরুণদের বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জানাতে হবে এবং অবৈধ পথে বিদেশ যাত্রার ভয়াবহ পরিণতি তুলে ধরতে হবে। স্কুল-কলেজ, মসজিদ, সামাজিক অনুষ্ঠান ও গণমাধ্যমকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সরকারেরও উচিত দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি করা এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করা। কারণ যতদিন কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও বৈধ অভিবাসনের জটিলতা থাকবে, ততদিন দালালচক্র নতুন নতুন শিকার খুঁজে পাবে।
স্বপ্ন দেখা মানুষের অধিকার। কিন্তু সেই স্বপ্ন যদি প্রতারণার ফাঁদে পড়ে মৃত্যুর মিছিলে পরিণত হয়, তবে তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতা। তাই ইউরোপযাত্রার নামে মানবপাচারের এই অন্ধকার বাণিজ্য বন্ধে এখনই কঠোর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর একটি প্রাণও যেন ভূমধ্যসাগরের ঢেউয়ে হারিয়ে না যায়, আর কোনো পরিবার যেন সন্তানের মুক্তিপণের জন্য সর্বস্বান্ত না হয় - এটাই হোক আমাদের অঙ্গীকার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়