হাম উপসর্গে শান্তিগঞ্জের এক শিশুর মৃত্যু
- আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৩:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৩:০৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ এবং প্রাণহানি অব্যাহত রয়েছে। এবার হামের উপসর্গ নিয়ে লাবিবা নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৩ জন রোগী। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। নিহত শিশু লাবিবা শান্তিগঞ্জ উপজেলার রায়পুর এলাকার জুয়েল হকের মেয়ে। সে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার (২৪ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে উপসর্গ নিয়ে মৃত ৫২ জনের মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৩ জনের মধ্যে ৩১ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন ভর্তি রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক