স্টাফ রিপোর্টার::>
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে হামলার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মোহাম্মদ আলী, মিটু মিয়া (২৮), দ্বীপক চন্দ্র দাস (৩৭), মিনার মিয়াসহ আরও কয়েকজন। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও জুয়া নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কসংলগ্ন উজান তাহিরপুর এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্থান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদকদ্রব্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পাশাপাশি জড়িত কয়েকজনকে আটকও করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের গাড়িতে তোলার সময় জুয়া খেলোয়াড়, মাদকসেবী ও কারবারিদের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
ঘটনার সময় মোট ৭ জনকে আটক করা হয়। আটকরা হলেন, নুর আমিন (২৬), সাকিবুল হাসান (১৭), আলমগীর মিয়া (২৮), লিটন মিয়া (৩১), ওলি হোসেন (২৪), আশরাফুল মিয়া (২৬) ও সাফুল আলম (১৯)। তারা সবাই উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে তাহিরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রণয় দে বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪; আটক ৭
- আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৫:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৬:০২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ