হাম উপসর্গে সুনামগঞ্জের দুই শিশুর মৃত্যু
- আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের দুই জন রয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বুধবার (১৩ মে) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো জগন্নাথপুর উপজেলার বিলাল আহমেদের মেয়ে রাইসা জান্নাত (২ বছর ৫ মাস), ছাতক উপজেলার তোফায়েল আহমেদের মেয়ে আরিয়া জান্নাত (৮ মাস) ও সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দীনের মেয়ে হাফিজা আক্তার (২ বছর ৩ মাস)। তাদের মধ্যে হাফিজা ও রাইসা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরিয়া জান্নাত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে।
একই সময়ে বিভাগজুড়ে আরও ৯২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৯৭ জন হাম সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন।
তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় কারও শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৭৩ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১৬ জন করে আক্রান্ত হয়েছে।
এদিকে, নতুন ভর্তি হওয়া ৯২ শিশুর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬, লায়ন্স শিশু হাসপাতালে ১০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন ভর্তি রয়েছে।
এ ছাড়া নর্থ ইস্ট হাসপাতালে চার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল, বিশ্বম্ভরপুর, দিরাই ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক