জালাল উদ্দিন নাসিম::
সুনামগঞ্জের হাওরাঞ্চলে একমাত্র বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকরা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় জমির ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি রোদ না থাকায় মাঠে থাকা কাটা ধানও নষ্ট হয়েছে। অনেক জায়গায় ধানে চারা গজিয়ে পড়েছে। এতে দ্বিমুখী সংকটে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিন মাস মেয়াদি সহায়তা কার্যক্রম চালু করা হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক সেই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে ফসল হারানো কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। হাওরাঞ্চলের কৃষকদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাব ও স্বজনপ্রীতি থেকে বের হয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর সহায়তা তাদের হাতে পৌঁছে দিতে হবে। কৃষক মো. আব্দুল হামিদ বলেন, আমার সাত কেয়ার জমি পানিতে তলিয়ে গেছে। শুনেছি সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে, কিন্তু আমি এখনো কিছু পাইনি। এলাকার মেম্বার-চেয়ারম্যান কেউ আমার নাম নেয়নি। তারা নিজেদের পরিচিতদের নাম তালিকায় দিচ্ছে। আমরা চাই প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহযোগিতা পায়। এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনরায় সংশোধন ও নিরূপণের কাজ চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। কেউ যদি সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন, তাহলে তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
হাওরে সহায়তা : প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি
- আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৮:১১:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৮:১৫:১৪ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ