বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত
- আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১১:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার শহরের কালীবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়নসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সকাল ৯টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দীন সোহেল। তিনি বলেন, ১৮৬৩ সালে ইতালির সলফেরিনোর যুদ্ধে সংঘটিত ভয়াবহতা প্রত্যক্ষ করে হেনরি ডুনান্ট ও তাঁর সহযোগীরা মানবতার সেবায় যে সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন, তা পরবর্তীতে আন্তর্জাতিক রেডক্রস হিসেবে পরিচিতি লাভ করে।
তিনি বলেন, দীর্ঘ ১৬৩ বছর পর আজ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আশার প্রতীক হিসেবে কাজ করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রেসিডেন্ট অর্ডার নং-২৬ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক সহায়তা, দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা, যুব ও স্বেচ্ছাসেবক উন্নয়ন, কমিউনিটি রেজিলিয়েন্স বৃদ্ধি এবং জরুরি সাড়াদান কার্যক্রম পরিচালনা করছে। আইসিআরসি, আইএফআরসি ও বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৩০টি প্রকল্প চলমান রয়েছে।
তিনি জানান, বন্যা রেসপন্স-২০২৪, ঘূর্ণিঝড় রেসপন্স-২০২৪, বন্যা রেসপন্স-২০২৫, টর্নেডো সহায়তা কর্মসূচি-২০২৫, শরণার্থী সহায়তা কার্যক্রম এবং পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও)-এর মাধ্যমে মানবিক সেবা অব্যাহত রাখা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ডা. সৈয়দ মনোওয়ার আলী, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট সামছুর রহমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আশরাফ হোসেন লিটন, মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, আজীবন সদস্য নুরুল ইসলাম গাজী ও মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট অফিসার কণিকা তালুকদার, নিল রতন, রওশন আরা, খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের যুব প্রধান প্রিয়াস শ্যাম প্রীতম, উপ-যুব প্রধান তানভির আহমেদ রাসেলসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়ে আসছে। তবে এ বছর কেন্দ্রীয় সিদ্ধান্তে সারাদেশে একদিন আগে অর্থাৎ ৭ মে দিবসটি পালন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ