দোয়ারাবাজারে ২০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা এমপি মিলনের
- আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৯:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৯:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার সড়ক অবকাঠামো ও শিক্ষা খাতের আমূল পরিবর্তনে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব প্রকল্পের ঘোষণা দেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি বক্তব্যে উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। এসময় তিনি বলেন, একটি জনপদের প্রকৃত মুক্তির চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা দোয়ারাবাজার ও ছাতকের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।
ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক যোগাযোগ খাতে সিংহভাগ বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বাংলাবাজার পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণ। ১০ কোটি টাকা ব্যয়ে দোয়ারাবাজার-বোগলা ৫ কিলোমিটার সড়ক নির্মাণ। বাংলাবাজার-হকনগর-বোগলা রোডে ৭ কোটি, আমবাড়ি-বদরপুর-রামপুর রোডে ৬ কোটি এবং ছাতক-সুনামগঞ্জ রোড হতে বাদে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি টাকার প্রকল্প। রাবার ড্যাম থেকে চকবাজার পর্যন্ত ৩.৩ কিলোমিটার সড়কের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। এছাড়া দোহালিয়া, নরসিংপুর, প্রতাপপুর ও শ্রীপুর বাজারের সংযোগ সড়কগুলোতেও কয়েক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে।
শিক্ষা ব্যবস্থার প্রসারে এমপি মিলন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানে (যথা- রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এবং কলাউড়া ফাজিল মাদ্রাসাসহ অন্যান্য) প্রতিটিতে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সংস্কার কাজে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
তৃণমূলের প্রাথমিক শিক্ষাকে গুরত্ব দিয়ে নৈনগাঁও, বাঁশতলা, পশ্চিম মাছিমপুর ও জালালপুরসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণের কথা জানানো হয়। এছাড়া লিয়াকতগঞ্জ ও নূরপুরসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি টাকা করে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ২৪টি বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং আলহাজ্ব আব্দুল বারী। সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি