প্রথিতযশা আইনজীবী স্বপন কুমার দাস রায় আর নেই
- আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:২০:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:২০:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা প্রথিতযশা আইনজীবী স্বপন কুমার দাস রায় আর নেই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টা ১০মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভোগ ছিলেন এবং লিভার ট্রান্সপ্লান্টও করিয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত আইনজীবী স্বপন কুমার দাস রায়ের মরদেহ তাঁর কর্মস্থল সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে শহরের ধোপাখালিস্থ কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রথিতযশা আইনজীবী স্বপন কুমার দাস রায় ১৯৬২ সালের ১২ অক্টোবর দিরাই থানার এলংজুরী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ডা. সতীশ চন্দ্র দাস রায় এবং মাতা সুনীতি রায়।
স্বপন কুমার দাস রায় ১৯৮৫ সালে সুনামগঞ্জ বার্তা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরী পত্রিকার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। একই সময়ে তিনি দি বাংলাদেশ টাইমস পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি সাপ্তাহিক সুনামগঞ্জ পত্রিকার সম্পাদনা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সাল থেকে তিনি আইন পেশায় নিয়োজিত হন। অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সহ-সভাপতি, সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার শাখার উপদেষ্টাম-লীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন মহলের শোক :
সুনামগঞ্জের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়ের আকস্মিক মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি, জেলা পূজা উদযাপন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখা, খেলাঘর আসর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, সোনালী সকালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, স্বপন কুমার দাস রায় ছিলেন একজন সৎ, ন্যায়নিষ্ঠ ও মানবিক আইনজীবী। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জের আইন অঙ্গনসহ সামাজিক ও সাংস্কৃতিক পরিম-লে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এদিকে, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বৃহ¯পতিবার দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ প্রয়াত স্বপন কুমার দাস রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রচার স¤পাদক আনোয়ারুল হক, উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু ও রূপেন্দ্র সমাজপতি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, কেজি মানব ও বিশ্বজিৎ চন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, স্বপন কুমার দাস রায় ছিলেন হাওর অঞ্চলের মানুষের অধিকার আদায়ে একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর মৃত্যুতে হাওর বাঁচাও আন্দোলন এক অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।
এছাড়া দিরাইয়ের কৃতী সন্তান, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক সামছুল ইসলাম সরদার, সহ-সভাপতি এডভোকেট তোরণ মিয়া, দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ