হামলাকারীদের গ্রেফতারের দাবি
দোয়ারাবাজারে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৪:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৪:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে মসজিদের স¤পদ চুরির প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও ৩৬ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার মাঝেরগাঁও গ্রামের ভুক্তভোগী পরিবার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঝেরগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল। তিনি জানান, গত ১৯ মার্চ তার নিজ গ্রাম মাঝেরগাঁওয়ে মসজিদের মালামাল চুরির প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এই হামলা চালানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, মাঝেরগাঁও জামে মসজিদের পানি তোলার মোটর, কম্প্রেসার, ব্যাটারি ও ব্রিটিশ আমলের দুটি মূল্যবান পিলার চুরির ঘটনায় আব্দুল ওদুদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় তিনি ক্ষিপ্ত হন। ১৯ মার্চ তারাবির নামাজের পর এ নিয়ে তর্কাতর্কি হলে ওদুদ ও তার লোকজন মসজিদ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়। এরই জেরে ওইদিন রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল জলিলের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আব্দুল জলিল অভিযোগ করেন, বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতির সুযোগে হামলাকারীরা আলমারি ভেঙে প্রবাসে থাকা সন্তানদের পাঠানো ১০ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা), নগদ ৫ লক্ষ টাকা এবং ৫টি দামী মোবাইল ফোনসহ মোট ৩৬ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে। এছাড়া ঘরের ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আক্ষেপ করে বলেন, মসজিদের স¤পদ রক্ষা করতে গিয়ে আজ আমার সাজানো পরিবার ধ্বংসের মুখে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তারা আপসের মিথ্যা আশ্বাস দিয়ে মামলা করতে কালক্ষেপণ করায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।
ভুক্তভোগী পরিবারটি লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি