স্টাফ রিপোর্টার ::
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গণশুনানির আয়োজন করে আলোচনায় এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তাদের সমস্যা শোনা, পরামর্শ গ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক সাড়া। রাজনৈতিক অঙ্গনে এই উদ্যোগকে দেখা হচ্ছে জবাবদিহিতা ও জনস¤পৃক্ততার নতুন ধারা হিসেবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও কৃষিখাতের সংকট সরাসরি তুলে ধরেন সংসদ সদস্যের সামনে। গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আমার সংসদীয় এলাকার জনগণই আমার অভিভাবক। আমার কোনো দোষ-ত্রুটি থাকলে নির্দ্বিধায় জানাবেন। সরাসরি বলতে না পারলে অভিযোগ বক্সে লিখে দিন। আমি নিজের ভুল সংশোধন করতে চাই। তিনি আরও বলেন, যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি আমি বরদাস্ত করব না। কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি - সেই হিসাব আমি করি না। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কৃষিসহ সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বরাদ্দের অপব্যবহার বা অনিয়মের কোনো সুযোগ নেই। জনগণের অধিকার নষ্ট করে কেউ পার পাবে না। গণশুনানিতে উঠে আসে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, কৃষি ও হাওরের ফসলরক্ষা বাঁধের সমস্যা, টিউবওয়েল, ধর্মীয় স্থাপনা ও কবরস্থানসংক্রান্ত নানা দাবি-দাওয়া। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এমপি কামরুল এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, ইতোমধ্যে প্রায় কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে এবং এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জনগণের মতামতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। “আমি চাই জনগণের চাহিদা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হোক” - বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, মজিবুর রহমান মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সেলবরষ, পাইকুরাটি, ধর্মপাশা সদর, সুখাইড় রাজাপুর উত্তর ও দক্ষিণ এবং জয়শ্রী ইউনিয়নের সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৯:২৫:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ