সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

হাওরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:০৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:০৬:০৪ পূর্বাহ্ন
হাওরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিন
হাওরাঞ্চলে আবারও বোরো ধানের ওপর নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। মার্চের শেষ সপ্তাহেই অস্বাভাবিক ভারী বর্ষণে হাজারো হেক্টর জমির ধান জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ার খবর শুধু কৃষকের কপালেই ভাঁজ ফেলেনি, বরং আমাদের কৃষি ব্যবস্থাপনার দুর্বলতাকেও প্রকাশ করেছে।
সরকারি হিসেবে ইতোমধ্যে ১ হাজার ১৮৯ হেক্টর বোরো জমি পানির নিচে। অথচ চলতি মৌসুমে ২ লাখ ২৩ হাজার হেক্টরের বেশি জমিতে আবাদ হওয়া এই ফসল থেকেই প্রায় ১৪ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা ছিল। যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ৫০ কোটি টাকা। এই বিপুল সম্ভাবনা এখন হুমকির মুখে।
সমস্যার মূল কোথায়? একদিকে অস্বাভাবিক বৃষ্টিপাত - যা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রতিফলন, অন্যদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ও নিষ্কাশনের স্বাভাবিক পথ সংকুচিত হয়েছে। ফলে সামান্য অতিবৃষ্টিতেই হাওরাঞ্চল ডুবে যাচ্ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, পানি নিষ্কাশন নিয়ে কৃষকদের মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। উজানের কৃষকরা পানি নামাতে চাইলে ভাটির কৃষকরা বাধা দিচ্ছেন, কারণ এক পক্ষের রক্ষা অন্য পক্ষের ক্ষতি ডেকে আনছে। এই দ্বন্দ্ব কেবল একটি প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি নয়, বরং একটি সমন্বিত জলব্যবস্থাপনার অভাবকেই স্পষ্ট করে। 
ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হলেও বাস্তব চিত্র বলছে, কেবল মাটির কাজ শেষ করলেই দায়িত্ব শেষ হয় না। বাঁধ টেকসই করা, খাল পুনঃখনন, পানি চলাচলের পথ নিশ্চিত করা - এসবের প্রতি দীর্ঘমেয়াদি দৃষ্টি না থাকলে প্রতিবছরই একই সংকট ফিরে আসবে।
এই পরিস্থিতিতে কিছু জরুরি পদক্ষেপ এখনই গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, হাওরাঞ্চলের নদ-নদী, খাল-বিল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, উজান-ভাটির সমন্বয়ে বৈজ্ঞানিক পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়। তৃতীয়ত, ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আগাম আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে কৃষকদের জন্য দ্রুত সতর্কতা ও করণীয় নির্দেশনা পৌঁছে দিতে হবে।
বড় কথা, হাওরকে শুধু একটি মৌসুমি কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে নয়, একটি সংবেদনশীল ইকোসিস্টেম হিসেবে বিবেচনা করতে হবে। এখানে যে কোনো উন্নয়ন বা ব্যবস্থাপনা হতে হবে প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
হাওরের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ। তাদের ফসল রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। তাই এখনই সময়, অস্থায়ী সমাধান নয়, টেকসই পরিকল্পনায় এগিয়ে যাওয়ার। না হলে প্রতিবছরের এই জলাবদ্ধতার দুঃস্বপ্ন আমাদের কৃষি অর্থনীতিকে আরও দুর্বল করে দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স