বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করতে প্রস্তুত দিরাইবাসী
- আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৬:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৫৬:১৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ মঙ্গলবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের দুর্গম হাওরপাড় এলাকায় সফর করবেন। এ সফরে তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
মন্ত্রী ও সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে উপজেলার হাওরপাড়ের আকিলশাহ ও সুরিয়ারপার গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্ত্রীকে বরণ করতে স্থানীয় বাসিন্দারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ইউনিয়নেরই কৃতী সন্তান। তাঁর আগমন উপলক্ষে আকিলশাহ, সুরিয়ারপারসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে গ্রামে এসেছেন, যাতে সবাই মিলে মন্ত্রীকে বরণ করতে পারেন।
এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, নির্বাচনের আগে প্রধান অতিথি তারেক রহমানের সঙ্গে দেখা হলে তিনি দিরাই-শাল্লার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দিরাই উপজেলাতেই প্রথম ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, দিরাই-শাল্লা অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি