বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার আজ, সোমবার তারেক ও শফিকুরের
- আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হবে। এখন পর্যন্ত চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমটি। বিটিভির দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি চূড়ান্ত করা হয়েছে।
বিটিভির একজন কর্মকর্তা বলেন, এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়নি। এ বিষয়ে অন্য দলের নেতাদের চিঠি পেলে তা বিবেচনায় নেওয়া হবে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে এর আগেও রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে। তবে সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে এভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি। -আজকের পত্রিকা
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক