জাতীয় সংসদ নির্বাচনী কথকতা : মোহাম্মদ আব্দুল হক
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৫:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৩৫:৪১ পূর্বাহ্ন
আলোচনাটি সময়ের দাবি। তবে এ আলোচনা বিস্তারিত নয়, বরং বিষয় বিবেচনায় এটি নতুন প্রজন্মের কাছে ও দেশের জনগণের কাছে বাংলাদেশের সাধারণ নির্বাচন বিষয়ক একটা ছোট্ট ডায়েরি। চলুন সবকটি সাধারণ নির্বাচন একটু একটু করে ঘুরে আসি। ১৯৭০ খ্রীষ্টিয় সালের সাধারণ নির্বাচনে এ অঞ্চলের মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ বিজয়ী হলেও তৎকালীন পাকিস্তান সরকার মিলিটারি শাসক আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা করে এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের দিকে মনোযোগ দিতে বাধ্য করে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ প্রায় ৯ মাস চলে এবং ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তখন সত্তরের সাধারণ নির্বাচনের রায়ের ভিত্তিতে দেশে সরকার গঠন করে এবং এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ চলে।
স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ খ্রীষ্টিয় সালের ৭ মার্চ। তখন ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসনে আওয়ামী লীগ জয়ী হয়। ওই সংসদের মেয়াদ ছিল ২ বছর ৬ মাস। এখানে অনেক ঘটনা ঘটে গেছে এবং রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। যেহেতু লেখাটি জাতীয় সংসদ নির্বাচনী কথকতা, তাই কি কারণে কি ঘটনা ঘটেছিলো সেদিকে যাবো না। বরং আমরা এদেশের জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনায় থাকবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যা পরবর্তী সময়ে নানান ঘটনা পেরিয়ে দেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৭৯ খ্রীষ্টিয় সালের ১৮ ফেব্রুয়ারি। এতে বিএনপি ২০৭টি আসন পেয়ে জয়ী হয়। ওই সংসদের মেয়াদ ছিল তিন বছর। এখানেও রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন রকম আচরণ করে, স্বাভাবিক গতি হোঁচট খেয়ে আবারও রাজনৈতিক পটপরিবর্তন হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা পরবর্তী সময়ের অনেক ঘটনা শেষে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৬ খ্রীষ্টিয় সালের ৭ মে। ওই নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে। ওই সংসদের মেয়াদ ছিলো দুই বছরের কম মাত্র সতেরো মাস। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৮ খ্রীষ্টিয় সালের ৩মার্চ। আওয়ামী লীগ এবং বিএনপি এবং আরও কয়েকটি বড়ো দল নির্বাচন বর্জন করে। এ সংসদও পূর্ণ মেয়াদ টিকেনি। এটির মেয়াদ ছিলো দুই বছর সাত মাস।
দেশে তুমুল গণআন্দোলন গড়ে উঠে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সরকার প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এবারের রাজনৈতিক পট পরিবর্তন শেষে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ খ্রীষ্টিয় সালের ২৭ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে ১৪০টি আসন পেয়ে জয়ী হয় বিএনপি। ওই সংসদের মেয়াদ ছিলো এ পর্যন্ত সবচেয়ে বেশি সময় যা চার বছর আট মাস। এরপর ১৯৯৬ খ্রীষ্টিয় সালের ১৫ ফেব্রুয়ারি দলীয় সরকারের অধীনে হওয়া ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ প্রায় সকলেই বর্জন করে। ওই বর্জনের মধ্যে বিএনপি ২৭৮টি আসনে জয়লাভ করে। ফ্রিডম পার্টি ১টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী ১০টি আসনে জয়লাভ করে। ওই নির্বাচনে ভোট পড়েছিল মাত্র ২৬.৫৪ শতাংশ। অল্প সময়ের ক্ষোভ ও বিক্ষোভ এবং প্রতিবাদের মুখে ওই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের সংসদ এবং দেশে এটিই সবচেয়ে কম সময়ের আন্দোলনে কোনো সরকার পতন।
এরপর জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে কথা চলে এবং সিদ্ধান্ত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে জাতীয় সংসদ নির্বাচন। শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ খ্রীষ্টিয় সালের ১২ জুন। এটি ছিলো দেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তখন মোট ৮১টি রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে ভোট পড়েছিলো ৭৪.৯৭ শতাংশ এবং আওয়ামী লীগ ১৪৬ আসনে জয়লাভ করে, বিএনপি পায় ১১৬ আসন, জাতীয় পার্টি ৩২টি, জামায়াতে ইসলামী পায় ৩টি আসন। দেশের সপ্তম সংসদ প্রথম বারের মতো পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে। এরপর ২০০১ সালে দেশে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যাতে অংশগ্রহণ করে ৫৪টি রাজনৈতিক দল। এতে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। নির্বাচনে ভোট পড়েছিলো ৭৫.৫৯ শতাংশ এবং ওই সংসদের মেয়াদ পাঁচ বছর ছিলো। আবারও রাজনৈতিক উত্তেজনা ও ভিন্ন পরিস্থিতি কাটিয়ে দেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ খ্রীষ্টিয় সালের ২৯ ডিসেম্বরে। তখন থেকে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করার পরে এটি ছিলো প্রথম নির্বাচন। ওই নির্বাচনে মোট নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দল অংশ নেয়। আর এটাই ছিলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত শেষ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে জয়লাভ করে। তখন বিএনপি ৩০টি, জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি, এলডিপি ১টি, জামায়াতে ইসলামী ২টি আসন পায়। নির্বাচনে ভোট পড়েছিলো ৮৭.১৩ শতাংশ যা সর্বোচ্চ।
বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় একটু পরে, ২০১৪ খ্রীষ্টিয় সালের ৫ জানুয়ারি। এ নির্বাচনে অংশ গ্রহণ করে মোট ১২টি রাজনৈতিক দল। বিএনপি নেতৃত্বাধীন জোট ওই নির্বাচন বর্জন করে। ভোট পড়েছিলো ৪৯.০৪ শতাংশ এবং আওয়ামী লীগ ২৩৪টি আসন পায়, জাতীয় পার্টি পায় ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ (ইনু) ৫টি আসন, তরিকত ফেডারেশন ২টি আসন পায়।
এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ খ্রীষ্টিয় সালের ৩০ ডিসেম্বরে। রাজনৈতিক বিতর্ক বাংলাদেশের সাধারণ নির্বাচনকে ছাড়ে না। এ অবস্থায় ওই নির্বাচনে ভালো কিছু হবে এমন আশা নিয়ে মোট ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এখানে বিতর্ক ঘিরে থাকা ওই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পায় ২৫৮টি আসন, জাতীয় পার্টি ২২টি আসন পায়, মহাজোট হয়েছিলো যারা ৮টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীও আসন পায়। দেশ চলেছে রাজনৈতিক অস্থিরতা নিয়ে। ক্যালেন্ডারের পাতা উল্টে আসে নতুন আরেক সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ খ্রীষ্টিয় সালের ৭ জানুয়ারি। ১টি আসনে নির্বাচন হয়নি। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে মোট ২২৩টি আসন পায় আওয়ামী লীগ। বিতর্ক পিছু ছাড়ে না। প্রথমে শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলন থেকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আন্দোলন একসময় সরকারবিরোধী আন্দোলনের চেহারা পায়। খুব দ্রুত পরিস্থিতি পাল্টে যায়। মাত্র ছয় মাসের মাথায় ছাত্রজনতার সম্মিলিত গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এবং ভারতে আশ্রয় নেন। কিন্তু কেন আমাদের দেশের নির্বাচন নিয়ে বারবার এমন পরিস্থিতি হয় এবং কেন বারবার দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে? এ-তো কখনও একটি দেশের জন্য মঙ্গলজনক নয়। সাধারণ মানুষ একটা স্থিতিশীল রাজনৈতিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়।
পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক বছরেরও বেশি সময় পার হয়েছে। বহু রকম সংস্কারের কথা উঠেছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা চলছে। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী ২০২৬ খ্রীষ্টিয় সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এমনটা শোনা যায়। কিন্তু যেখানে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে, এমন পরিস্থিতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না-করলে নির্বাচন কতোটা গ্রহণযোগ্য হবে? গণতন্ত্রের ধারায়, সে প্রশ্ন থেকেই যদি যায় তাহলে কি হবে? বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আশাবাদী একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের জনগণের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলসমূহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। এরপর দেশ এগিয়ে যাবে।।
[লেখক : কলামিস্ট ও কথাসাহিত্যিক]
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক