সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া চলাচল এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্রতিনিয়ত এসব যানবাহন মহাসড়কে ছুটে চলেছে। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে, ঝুঁকিতে পড়ছে যাত্রী, পথচারী ও সাধারণ মানুষ। সম্প্রতি শান্তিগঞ্জের জয়কলস এলাকায় একটি ত্রিমুখী সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মকর্তা প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনায় বিষয়টি আবারও সামনে এসেছে। ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা গ্রামীণ ও উপশহরাঞ্চলে স্বল্প দূরত্বের যাতায়াতে জনপ্রিয় হয়ে উঠেছে, তবে মহাসড়কে এদের চলাচল একেবারেই নিষিদ্ধ। এসব যানবাহনের গঠন ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা মহাসড়কের জন্য উপযোগী নয়। অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কিন্তু বাস্তবতা হলো- সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট থেকে চেখনিখারা পর্যন্ত অন্তত তিন শতাধিক ইজিবাইক প্রতিদিন চলাচল করছে। সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা সীমিত, আর স্থানীয়ভাবে ‘সহানুভূতির’ সুযোগ নিয়ে এসব অবৈধ যান প্রকাশ্যে চলাচল করছে। আইন অনুযায়ী, মহাসড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ। তবুও এদের অবাধ উপস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শৈথিল্য ও দুর্বল মনিটরিংয়েরই ফল। কোথাও কোথাও ইজিবাইক চালকদের চাঁদা বা ‘লাইন ভাড়া’ দিয়ে চলাচলের সুযোগ নেওয়ার অভিযোগও আছে। ফলে শুধু আইন প্রয়োগ নয়, প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহিও জরুরি হয়ে পড়েছে। এখন সময় এসেছে এই ‘নীরব বিপদ’ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। প্রথমত, মহাসড়কে ইজিবাইক চলাচল পুরোপুরি বন্ধে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগকে যৌথভাবে অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হঠাৎ নিষেধাজ্ঞা কার্যকর করলে সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে- তাই টেকসই বিকল্প পরিবহন ব্যবস্থা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণও প্রয়োজন। তৃতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন ও সড়ক নিরাপত্তা সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমন্বিত উদ্যোগের বিষয়। ইজিবাইকের দৌরাত্ম্য ঠেকাতে যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই মহাসড়ক হবে আরও অনিরাপদ। নিরাপদ সড়ক শুধু দাবি নয়- এটি নাগরিক অধিকার, আর কর্তৃপক্ষের দায়িত্বও বটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স