সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

স্মৃতিপট : মাটি ঘেঁষে চলা আর নেই মোহাম্মদ আব্দুল হক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:৩১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:৩১:০২ পূর্বাহ্ন
স্মৃতিপট : মাটি ঘেঁষে চলা আর নেই মোহাম্মদ আব্দুল হক
আমি বেড়ে উঠেছি পুকুর পাড়ে দাঁড়িয়ে হাঁসের ছানার সাঁতার দেখতে দেখতে। আমি বেড়ে উঠেছি বড়শিতে ভাত গেঁথে পুকুর থেকে পুঁটি মাছ ধরতে ধরতে। আমি বৃষ্টির দিনে জাম্বুরাকে ফুটবল বানিয়ে খেলেছি। আমি কৈশোরে ঘরের বারান্দায় কিংবা বিছানায় লুডু খেলেছি। উঠোনে বা বারান্দায় ইটের টুকরো দিয়ে দাগ কেটে ঘর বানিয়ে ষোলোগুটি খেলা খেলেছি। আমরা গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, হাডুডু খেলতে খেলতে পরে ব্যাডমিন্টন খেলার জগতে পৌঁছেছি। আমরা বেড়ে উঠেছি গরুর গাড়িতে চড়ে নীল আকাশে উড়োজাহাজ উড়ে যেতে দেখে দেখে। আমরা চড়–ই পাখির বাসায় হাত দিয়ে চড়–ই পাখির ছানা ধরেছি। আমরা শৈশব থেকে কৈশোরে গাঁয়ের পথে পথে এবং ছোট্ট শহর সুনামগঞ্জের ছোটো ছোটো রাস্তায় পায়ে হেঁটে, কখনও রিকসায় চড়ে বড়ো একটু একটু করে বড়ো হয়েছি। ওইটুকু সময় পাড়ি দিতে দিতে আমরা গ্রামে গেছি সুরমা নদীর উপর লঞ্চে চড়ে, কখনও নৌকায় চড়ে। আমি আমার গ্রামের বাড়িতে গেলে মাটির মেঠোপথে গরুর গাড়ি বা বইসের গাড়ি (মহিষের গাড়ি) চড়ে আমার চৌদ্দ পুরুষের গ্রাম হরিনাপাটি থেকে লক্ষ্মীপুরের পথে ‘হিংগিদাইড়’ নামক একটি জায়গা পর্যন্ত গেছি। তখন ‘হিংগিদাইড়’ ছিলো একটি ছোটোখাটো নদীর মতো এবং সবসময় কাদাজল থাকতো। ওই ‘হিংগিদাইড়’ পারি দেওয়ার সময় গরুর গাড়ির কাঠের চাকা প্রায় সময়ই এটেল মাটির কাদাজলে আটকে যেতো। দুর্বল গরুর পক্ষে ওই কাদাজল থেকে আমাদেরসহ গরুর গাড়ি টেনে তোলা সম্ভব হতো না। আমরা ছেলের দল তখন গরুর গাড়ি থেকে লাফিয়ে নেমে যেতাম। এরপর আমরা আর এগোতে সাহস করতাম না। আমরা ‘হিংগিদাইড়’ থেকে পায়ে হেঁটে হেঁটে দুষ্টুমি করতে করতে বাড়ি ফিরে প্রথমে আমাদের দিঘির পাড়ের সিঁড়িতে শরীর থেকে জামা প্যান্ট বিসর্জন দিয়ে দিঘির জলে সাঁতার কেটে গোসল করে ডুব দিয়ে খেলতে খেলতে চোখ লাল করেছি। এরপর পুকুরের পানিকে বিদায় দিয়ে উপরে উঠে মিষ্টি রোদে গা শুকিয়ে বাড়িতে গেছি। আমরা জাম গাছে চড়ে জাম পেড়ে জামায় মুছে মুখে পুরে খেয়েছি কবি জসীম উদ্দীনের কবিতার মতো- ‘পাকা জামের মধুর রসে / রঙিন করি মুখ।’ আমাদের ছোটোবেলায় গরুর গাড়িতে চড়ে হঠাৎ সামনে আসা ছোটো ছোটো পানি পূর্ণ নালা বা ছোটো নদী পার হওয়ার বিষয়টি ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো- “আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে / বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। / পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি / দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।’ এখনকার শহরে বেড়ে উঠা মানুষের গরুর গাড়ি চড়ার অভিজ্ঞতা নেই। এখন অবশ্য গ্রামেও আর গরুর গাড়ির দেখা মিলে না। সেইসব মাটি ঘেঁষে চলা সতেজ সময় আর নাই। বিজ্ঞানের গতিময়তা ও উন্নত প্রযুক্তির কাছে আমাদের দেখা কতোকিছু আমাদের হাত ধরেই অতীত স্মৃতি হয়ে গেছে। লেখক : কলামিস্ট ও সাহিত্যিক

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু