শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহরাবের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বিভিন্ন খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। সকাল ১০টার দিকে শান্তিগঞ্জ থানাধীন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার হয়নি। বরাদ্দের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রিন্সিপালের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাঁদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, চালকসহ বিভিন্ন গন্তব্যের পথে থাকা হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। এদিকে, প্রিন্সিপাল সোহরাবের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তুলে ধরা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দেড় ঘণ্টা বন্ধ ছিল সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়ক
শান্তিগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:১২:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:১৩:০০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি