সুনামগঞ্জে SRB-9-এর অভিযান, ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩২:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ মো. হাকিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-9)। শনিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার নারায়ণতলা এলাকার চৌমুহনী বাজারসংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) SRB-9 সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে SRB-9, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল জানতে পারে, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও এলাকার ডলুরা বর্ডার হাট থেকে ইব্রাহিমপুর ঘাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে অভিযান চালায় SRB-9-এর দলটি। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন তিনি।
পরবর্তী সময়ে তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে দুটি কাগজের কার্টুন থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. হাকিম সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রবি মিয়া।
SRB-9-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মদ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
SRB-9 কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ