অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৪:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৪:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামের আবুল বাসার। স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলানোর, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তাঁর জীবনপ্রদীপ। গত ২১ নভেম্বর কম্বোডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবাসী। মৃত্যুর পর থেকে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে অসহায় পরিবারের।
আবুল বাসার যখন বিদেশে পাড়ি জমান, তখন তাঁর স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। বিদেশে যাওয়ার পর জন্ম নেয় ছেলে রাফসান। দেখতে দেখতে শিশুটির বয়স এখন প্রায় আড়াই বছর। অথচ জীবনে একবারও বাবাকে দেখার সুযোগ হয়নি তার। অবুঝ শিশুটি এখনো খেলার ছলে ডাকে, “বাবা তুমি এসো”। কিন্তু সে জানে না, তার বাবা আর কোনোদিন ফিরে আসবেন না।
ছেলের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন আবুল বাসারের বৃদ্ধ বাবা-মা। স্বামীকে হারিয়ে ছোট্ট সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন স্ত্রী। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় কম্বোডিয়া থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারছেন না স্বজনরা।
আবুল বাসারের মা কুলসুম বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় আড়াই বছর আগে তাঁর ছেলে বিদেশে গিয়েছিল। কিছুদিন আগে সেখানে মারা গেছে। কিন্তু এখনো ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা হয়নি। সরকারের কাছে তাঁর আকুতি, ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। অন্তত আড়াই বছরের নাতি যেন তার বাবার মরদেহ একবার দেখতে পারে।
আবুল বাসারের স্ত্রী রাশিদা আক্তার বলেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু ছেলের মুখটাও দেখে যেতে পারেননি তিনি। ছোট্ট রাফসান এখনো ‘বাবা বাবা’ বলে ডাকে। কিন্তু সে জানে না, তার বাবা আর কোনোদিন ফিরবে না। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, তাঁর সন্তান যেন অন্তত একবার বাবাকে দেখার সুযোগ পায়। স্বামীর মরদেহ দেশে এনে নিজ দেশের মাটিতে দাফন করতে চান তিনি। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
পরিবারের সদস্যদের দাবি, আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ