শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৪:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৪:০১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শান্তিগঞ্জে ‘শান্তিগঞ্জ মডেল’ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ১১টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত ২ হাজার ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১০ জন। উপস্থিতির হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৬ জনের মধ্যে ২৩৯ জন, আবদুল মজিদ কলেজ কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ২২৪ জন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৭ জনের সবাই, জেবিবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬ জনের মধ্যে ৬৩ জন এবং পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২১২ জনের মধ্যে ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এছাড়া আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৩৯ জন, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩২ জনের মধ্যে ২২৫ জন, গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ জনের মধ্যে ১৬৮ জন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৩ জনের মধ্যে ১৪৯ জন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৪ জন এবং সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
উপজেলা শিক্ষা বিভাগ ও প্রশাসন সূত্রে জানা গেছে, এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি সেরা বিদ্যালয় ও বিষয়ভিত্তিক সেরা শিক্ষক নির্বাচন করা হবে। বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উপস্থিতির হারও সামগ্রিক মূল্যায়নে বিবেচনায় নেওয়া হবে। একইভাবে একটি ইউনিয়নের সব বিদ্যালয়ের সার্বিক ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হবে সেরা ইউনিয়ন। এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও পুরস্কৃত করা হবে।
এদিকে, পরীক্ষা ঘিরে অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অভিভাবক জলাল উদ্দিন, চান্দ মিয়া ও আয়শা আক্তার বলেন, বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতি ও পড়াশোনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছে। এ উদ্যোগের কারণে বিদ্যালয়ে উপস্থিতির হার বেড়েছে, পড়াশোনায় গতি এসেছে এবং শিক্ষকদের মধ্যেও তৎপরতা বেড়েছে। সরকারিভাবে এ উদ্যোগ গ্রহণ করা হলে এর গুরুত্ব ও কার্যকারিতা আরও বাড়বে বলে মনে করেন তাঁরা।
এদিকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, এ পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করছে। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপস্থিতির হারও সন্তোষজনক।
তিনি আরও বলেন, আগামী দিনেও এ পরীক্ষা চালু থাকবে। এ উদ্যোগের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি