প্রীতম দাস::
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি ও অকৃষি উভয় খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় নারীদের দক্ষতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে সুনামগঞ্জে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ’। বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন জেলা শাখার পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী। কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক পারভিন ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি শীলা রায়, লেখক, গবেষক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুখেন্দু সেন, সুনামগঞ্জ সদরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি, কৃষি উৎপাদনে এর প্রভাব এবং নারীদের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে হাওরাঞ্চলের বাস্তবতায় জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আকস্মিক বন্যা ও কৃষির অনিশ্চয়তার মতো জলবায়ুজনিত পরিস্থিতিতে নারীদের ভূমিকা এবং অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় কৃষিকাজের পাশাপাশি অকৃষি খাতে নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আয়বর্ধক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দিনব্যাপী কর্মশালায় রেজিস্ট্রেশন, পরিচিতি পর্ব, স্বাগত বক্তব্য, আলোচকদের আলোচনা, প্রশিক্ষণার্থীদের মতামত প্রদান, দলীয় কাজ, দলীয় কাজের উপস্থাপনা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেন। দলীয় কাজের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন করণীয় উপস্থাপন করা হয়। কর্মসূচির রেজিস্ট্রেশন ও পরিচিতি পর্ব পরিচালনা করেন সংগঠনের তরুণী সদস্য তানজিদা আক্তার পপি, তিথি দে ও কাকলী দাশ। কর্মশালার আয়োজকরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানো জরুরি। বিশেষ করে কৃষিনির্ভর হাওরাঞ্চলে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো এবং জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় মতামত ও দলীয় উপস্থাপনার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কর্মসূচি শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:৫২:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০২:০৪:৪০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ