জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণিসপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় এলাকা। এ জেলায় হাঁস পালনের যথেষ্ট সুযোগ রয়েছে। গোবাদি পশুও যথেষ্ট পালনের সুযোগ সুবিধা আছে। সম্মানিত খামারিরা আগ্রহ নিয়ে পশুপালন ইত্যাদি কাজে নিয়োজিত থাকলে নিজেদের উন্নয়নের পাশাপাশি জেলাকে এগিয়ে নিতে পারেন।
ডা. মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান, খামারি মো. সাদেকুর রহমান, মঞ্জুর এলাহী শাহীন প্রমুখ।
আলোচনা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সায়মন। গীতা পাঠ করেন সোমা রাণী তালুকদার। অনুষ্ঠানটি সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় যৌথভাবে আয়োজন করে। এসময় জেলার ১২টি উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। ২৪টি প্রদর্শনী স্টল বসে কার্যালয় প্রাঙ্গণে। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান মেলায় প্রদর্শিত স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারিদের সাথে কথা বলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
