বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:১৯:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:১৯:০২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার একমাত্র নির্বাচিত প্রতিযোগী রাইয়্যান জুলকিফল
বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছে রাইয়্যান জুলকিফল। সে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ মাআরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী।
গত ২৪ নভেম্বর সিলেট মহানগরীর হাওলাদারপাড়াস্থ একটি হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বাংলাভিশনের সিলেট বিভাগীয় বাছাই প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ডাইরেক্ট পারফরম্যান্স কার্ড (ডিপিসি) অর্জন করে সে।
জানা যায়, গত ১৬ নভেম্বর সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ মাআরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়। এতে জেলার বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে মাত্র সাতজনকে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড দেওয়া হয়। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে সাতজন করে এবং সিলেট জেলা থেকে ২০ জনসহ চার জেলা মিলিয়ে মোট ৪১ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। গত ২৪ নভেম্বর সিলেট মহানগরীর হাওলাদারপাড়াস্থ হাফিজিয়া মাদ্রাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বাংলাভিশনের প্রতিনিধি নাজির মাহমুদ ও আতাউল্লাহ আল মামুন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকম-লী নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁদের বক্তব্য ছিল, প্রতিযোগীদের কেউ কারও শত্রু কিংবা বন্ধু নয়; যোগ্যতাই হবে নির্বাচনের একমাত্র মাপকাঠি। সকাল থেকে এশা পর্যন্ত চলে বিচার কার্যক্রম। এতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজন প্রতিযোগীকে ডাইরেক্ট পারফরম্যান্স কার্ড (ডিপিসি) দেওয়া হয়। তাঁদের মধ্যে সুনামগঞ্জের একমাত্র প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয় রাইয়্যান জুলকিফল। সিলেট জেলা থেকে নির্বাচিত হয়েছে দুজন। তবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে কেউ সরাসরি নির্বাচিত হতে পারেনি।
এ ছাড়া আরও ৯ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। তারা নির্ধারিত তারিখে ঢাকায় গিয়ে পরবর্তী বাছাই পর্বে অংশগ্রহণ করবে। সেখান থেকে আরও দুই থেকে তিনজন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
সুনামগঞ্জ জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে রাইয়্যান জুলকিফলের এ অর্জনে তার মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি