নূরুননাহার লোনা ::
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুনামগঞ্জ জেলায় গত চার দিনে (২০ থেকে ২৩ নভেম্বর) মোট প্রায় ১২.৫ থেকে ১৬.৫ মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি জেলার কৃষি খাতে মিশ্র প্রভাব ফেলেছে। একদিকে মাঠে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই নিয়ে কৃষকরা সাময়িক বিপাকে পড়েছেন, অন্যদিকে পানির অভাবে শুকিয়ে যাওয়া হাওরের বোরো বীজতলায় এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। অসময়ে হাওরের পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ায় বোরো আবাদ নিয়ে কৃষকদের মাঝে যে তীব্র দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এই বৃষ্টি তাতে বড় স্বস্তি এনে দিয়েছে। অন্যদিকে, ঝোড়ো হাওয়া না থাকায় জমির পাকা আমন ধানের বড় কোনো ক্ষতি হয়নি এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে রোদের দেখা পাওয়ায় আমন ঘরে তোলার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, ২০ নভেম্বর (শুক্রবার) শেষ বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে প্রায় ২ মিলিমিটার এবং ২১ নভেম্বর (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে প্রায় ৬ থেকে ৯ মিলিমিটার ও ২৩ নবেম্বর ৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দমকা বাতাস না থাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা না থাকলেও মাটির আর্দ্রতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুনামগঞ্জের উঁচু এলাকাগুলোতে বর্তমানে আমন ধান কাটার ভরা মৌসুম চলছে, আর নিচু হাওরাঞ্চলে চলছে বোরো বীজতলা তৈরির কাজ। অসময়ের এই বৃষ্টিতে দুই শ্রেণির কৃষকের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। আমন চাষীর ভোগান্তি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষানী হামিদা বেগম বলেন, জমির পাকা আমন ধান কেটে মাঠেই শুকাতে দিয়েছিলাম। হঠাৎ দুই তিন দিনের বৃষ্টিতে ধানের আঁটি ভিজে গেছে। এখন রোদ না উঠলে ধান ও খড় দুটিই নষ্ট হয়ে যাবে, চারা গজানোর ভয়ও আছে। বোরো চাষীর স্বস্তি : অন্যদিকে তাহিরপুর উপজেলার শনি হাওরপাড়ের বোরো কৃষক রফিকুল ইসলাম জানান ভিন্ন অভিজ্ঞতা। তিনি বলেন, এবার আশ্বিন-কার্তিক-মাসেই হাওরের পানি দ্রুত শুকিয়ে মাটি ফেটে যাচ্ছিল। সেচ দিয়ে বোরো বীজতলা ভেজাতে বাড়তি খরচ হচ্ছিল। এই বৃষ্টিতে মাটি নরম হয়েছে, চারা গজানোর জন্য এটা আমাদের অনেক উপকার করেছে। সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ১৩৭টি ছোট-বড় হাওরে চলতি মৌসুমে প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম পানি শুকিয়ে যাওয়ায় বীজতলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, এই বৃষ্টি তা কিছুটা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মনে করছে কৃষি বিভাগ। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, এই হালকা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা আমন ধানের বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, তবে কাটা ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখনো আমন ধান পুরোদমে কাটা শুরু হয়নি, মাত্র ২০% কাটা হয়েছে। সুনামগঞ্জের বোরো আবাদি জমি বেশি, আর হাওরে বোরো বীজতলার জন্য মাটিতে যে আর্দ্রতার প্রয়োজন ছিল, এই বৃষ্টিতে তা পূরণ হয়েছে। এই বৃষ্টি বোরধানের জন্য আশীর্বাদ। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
হাওরে বৃষ্টি : আমনে ভোগান্তি, বোরোতে স্বস্তি
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫৩:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক