১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৫৯:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৫৯:২৯ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের বিভিন্ন স্থানে ৭২টি শাখা ও কার্যালয়ে আগুন দেয়া, আগুন দেয়ার চেষ্টা, পেট্রল বোমা নিক্ষেপ ও হামলার তথ্য দিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তথ্যমতে, এসব ঘটনায় কয়েকটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব ও কম্পিউটার পুড়ে গেছে। কোথাও কোথাও ভাংচুরও হয়েছে।
বিভাগটি জানিয়েছে, ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে একযোগে একাধিক শাখায় হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা শুরু হয়। পরবর্তী দিনগুলোতেও তা অব্যাহত থাকে। বিশেষ করে ১৮ ও ১৯ নভেম্বর বিভিন্ন জেলায় শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১০-১৬ নভেম্বর ২০টি শাখায় অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। পরবর্তী তিনদিন আরো ৫২টি শাখায় হামলা হয়েছে।
কয়েকটি শাখায় ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এর মধ্যে ১০ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় পেট্রল বোমা নিক্ষেপের পর কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যায়। ১৫ নভেম্বর একই শাখায় আবার অগ্নিসংযোগ করা হয়। এ সময় দুর্বৃত্তরা কার্যালয় ঘেরাও করে রাখে। আগের ঘটনায় মামলা করা এক পুলিশ কর্মকর্তাকে দুর্বৃত্তরা মারধর করে গুরুতর আহত করেছে। তিনি চিকিৎসাধীন।
গোপালগঞ্জের উলপুর শাখায় ১৫ নভেম্বর অগ্নিসংযোগ ও ভাংচুরে কালেকশন শিট পুড়ে যাওয়ার তথ্য দিয়েছে গ্রামীণ ব্যাংক। তথ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাংচুরের পাশাপাশি হার্ডডিস্ক নিয়ে যায় দুর্বৃত্তরা। একই জেলার কাশিয়ানী ও রাতইল শাখায় ১৮ নভেম্বর কার্যালয়ের কাগজপত্র ও সামগ্রী বের করে আগুন দেয়া হয়। এতে গুরুত্বপূর্ণ নথি ও আসবাব পুড়ে যায়। গোপালগঞ্জের মুকসুদপুরের সাতৈল শাখায়ও একই দিন কাগজপত্র পুড়েছে। এর আগে পাবনার দোগাছী শাখায় ১১ নভেম্বর চারটি পেট্রল বোমা ছোড়া হয়। এতে সাইনবোর্ড, চেয়ার, ফাইল ও কালেকশন শিট পুড়ে যায়। চট্টগ্রামের আনোয়ারার বারখাইন শাখায় কালেকশন শিট, ব্যাগ ও ২০-২৫টি পাসবই পুড়েছে। ১৫ নভেম্বর সিলেট এরিয়া অফিসে পেট্রল নিক্ষেপে কিছু ফাইল ও জরুরি কাগজ পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি ঘটনায় অগ্নিসংযোগের চেষ্টা হলেও কর্মী, নিরাপত্তাকর্মী বা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ১৯ নভেম্বরের তালিকাভুক্ত বেশির ভাগ ঘটনায় এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি। কিছু ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১৬ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের, বাকি ১০ শতাংশ সরকারের। বর্তমানে ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি সদস্য নিয়ে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ধারাবাহিক হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিষয়টি স¤পর্কে জানতে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক দেশের দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের ব্যাংক। ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি নারীদের ব্যবসা, অর্থনৈতিক উন্নয়ন ও দারির্দ্য বিমোচনে কাজ করছে। মালিকানার বড় অংশ ঋণগ্রহীতা নারীদের, সরকারেরও অংশীদারত্ব আছে। এমন প্রতিষ্ঠানকে রাজনৈতিক ক্রোধ, হিংসা বা বিদ্বেষের কারণে ধ্বংসের মুখে ঠেলে দেয়া জাতির জন্য দুঃখজনক।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠাতা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পরিচিতি থাকলেও গ্রামীণ ব্যাংক মূলত দরিদ্র মানুষের প্রতিষ্ঠান। এতে কোনো ব্যক্তির মালিকানা নেই। ব্যাংকটি প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান করেছে। সাম্প্রতিক ঘটনায় ৭২ থেকে ৭৫টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হচ্ছে কার্যক্রম। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। ব্যাংকটিকে রাজনৈতিক বিবেচনায় না এনে দেশের মানুষের প্রতিষ্ঠান হিসেবে দেখা উচিত। জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। ধ্বংসাত্মক কাজের মাধ্যমে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক