হাওরের ফসলরক্ষায় বাঁধ প্রস্তুতিতে গাফিলতি নয়
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১১:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১১:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের হাওরে বোরো ফসলের সুরক্ষা নিয়ে প্রতিবছরই কৃষকদের উদ্বেগ-উৎকণ্ঠা থাকে। আগাম বন্যা, পাহাড়ি ঢল কিংবা বাঁধ ভেঙে ফসলহানির আশঙ্কা হাওরবাসীর নিত্যসঙ্গী। তাই বোরো মৌসুমে ফসলরক্ষা বাঁধ নির্মাণ শুধু একটি উন্নয়নকাজ নয়, এটি হাওরের লাখো কৃষকের জীবন-জীবিকা ও অস্তিত্ব রক্ষার লড়াই। অথচ এবার বোরো মৌসুম শুরুর আগেই বাঁধ নির্মাণের প্রস্তুতিতে যে ধীরগতি দেখা দিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
নীতিমালা অনুযায়ী ৩০ অক্টোবরের মধ্যে বাঁধের স্থান নির্ধারণ, জরিপ ও স্কিম প্রণয়নের কাজ শেষ হওয়ার কথা। ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং ১৫ ডিসেম্বর থেকে একযোগে বাঁধ নির্মাণকাজ শুরু করার নির্দেশনা রয়েছে। কিন্তু ১৮ নভেম্বর পর্যন্ত অধিকাংশ এলাকায় জরিপ ও স্কিম প্রণয়নের কাজই অসমাপ্ত। গঠিত হয়নি জেলা ও উপজেলা পর্যায়ের স্কিম প্রণয়ন এবং বাঁধ মনিটরিং কমিটি। নির্ধারিত সময়সীমা সামনে থাকলেও প্রস্তুতির এই স্থবিরতা দায়িত্বশীল কর্তৃপক্ষের সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে।
উদ্বেগের আরেকটি বড় কারণ, গত অর্থবছরের বাঁধ নির্মাণকাজের বিল এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নকারীরা বরাদ্দের মাত্র ৪২ থেকে ৪৫ শতাংশ বিল পেয়েছেন। বাকি টাকা না পেয়ে ধারদেনায় জর্জরিত হয়েছেন অনেক কৃষক। যাঁরা নিজের জমির ফসল বাঁচাতে পিআইসির দায়িত্ব নিয়ে বাঁধ নির্মাণ করেছিলেন, তাঁরাই এখন নতুন করে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। তাঁদের এই অনীহার পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা - কাজ শেষ করেও সময়মতো পাওনা না পাওয়া। সরকারের কাছে পাওনা আদায়ে অনিশ্চয়তা থাকলে কৃষক কেন নিজের কাঁধে অতিরিক্ত আর্থিক ঝুঁকি নেবেন?
অন্যদিকে এবার অনেক হাওরের পানি অন্যান্য বছরের তুলনায় প্রায় এক মাস আগেই শুকিয়ে গেছে। এতে সেচসংকটের পাশাপাশি মৌসুমের শেষ দিকে আগাম বন্যার আশঙ্কাও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার অনিশ্চয়তা যখন কৃষিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে, তখন বাঁধ নির্মাণে বিলম্বের কোনো সুযোগ নেই। বরং পরিস্থিতি বিবেচনায় এবার আরও আগাম, পরিকল্পিত ও কার্যকর প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল।
প্রতিবছর বাঁধ নির্মাণে অনিয়ম, বিলম্ব, নিম্নমানের কাজ ও অর্থছাড় নিয়ে নানা অভিযোগ ওঠে। অথচ এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। শুধু সভা, চিঠি কিংবা আশ্বাসে হাওরের ফসল রক্ষা হবে না। জরিপ দ্রুত শেষ করতে হবে, যথাসময়ে স্কিম অনুমোদন ও পিআইসি গঠন করতে হবে। একই সঙ্গে গত বছরের বকেয়া বিল দ্রুত পরিশোধ করে প্রকল্প বাস্তবায়নকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। বাঁধের কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত তদারকি নিশ্চিত করাও জরুরি।
হাওরের কৃষক প্রকৃতির সঙ্গে লড়াই করে ফসল ফলান। তাঁদের সেই শ্রম ও স্বপ্ন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। একটি মৌসুমের ফসলহানি মানে শুধু কৃষকের লোকসান নয়, এর প্রভাব পড়ে পুরো অঞ্চলের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায়। তাই সময়ক্ষেপণ না করে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফসলরক্ষা বাঁধের প্রস্তুতি ও নির্মাণকাজ এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, বাঁধ নির্মাণে বিলম্বের দায় শেষ পর্যন্ত প্রকৃতির ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সময়মতো বাঁধ নির্মাণ না হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক, বিপর্যস্ত হবে হাওরের অর্থনীতি। কৃষকের ফসল বাঁচাতে এবার কথার চেয়ে কাজে প্রমাণ দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়