মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩০:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩০:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে সেচের পানি ধরে রাখতে কৃষক ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে জামলাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাঁধ দিয়ে আটকে রাখা বিপুল পরিমাণ পানি হাওর থেকে বের হয়ে গেছে। ফলে বোরো আবাদের জন্য বীজতলা তৈরির কাজে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আগাম পানি শুকিয়ে যাওয়ায় মাটিয়ান হাওরের কৃষকরা সেচের পানির সংকটে পড়েন। বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরিতে প্রয়োজনীয় পানি ধরে রাখতে সম্প্রতি জামলাবাজ এলাকায় নিজেদের উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করেন কৃষক ও এলাকাবাসী। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হাওরের পানি ধরে রেখে কৃষকদের সেচের চাহিদা পূরণ করা। কিন্তু বুধবার ভোররাতে কে বা কারা বাঁধটি কেটে দেয়। এতে আটকে রাখা পানি বের হয়ে যায়। এ ঘটনায় বাঁধের পাশের বিলসংশ্লিষ্ট কারও স¤পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মাটিয়ান হাওরের কৃষক জুয়েল মিয়া, সামায়ুন আহমেদ ও কলিন আহমেদ জানান, এবার মৌসুমের আগেই হাওরের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে অনেক কৃষক দূর থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি এনে কষ্ট করে বীজতলা তৈরি করছেন। এখনো অনেক কৃষকের বীজতলা তৈরির কাজ বাকি রয়েছে। সময়মতো বীজতলা তৈরি করতে না পারলে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হবে। কৃষকদের সম্মিলিত উদ্যোগে বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু বাঁধ কেটে দেওয়ায় সেই পানি বের হয়ে গেছে। এতে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কৃষকদের স্বার্থে নির্মিত বাঁধ কেটে দিয়ে যারা পানি বের করে দিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁধটি যারা কেটে দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ