২৫ নভেম্বর ইসলামি মহাসম্মেলন সফলে মতবিনিময়
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, জামেয়া দারুল উলূম করাচির মহাপরিচালক ও শায়খুল হাদিস শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সিলেট আগমন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন সফল করতে সুনামগঞ্জে দাওয়াতি সফর ও মতবিনিময় সভা করেছে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিনিধিদল। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিমের নেতৃত্বে প্রতিনিধিদলটি সুনামগঞ্জে পৌঁছায়। এ সময় জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদিস ও বিশিষ্ট আলেম-উলামাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সম্মেলনের প্রস্তুতি ও আয়োজন নিয়ে মতবিনিময় করেন তারা।
এ উপলক্ষে সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের কর্মসূচি ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রায় দুই দশক পর মুফতি মুহাম্মদ তাকি উসমানির সিলেট আগমনকে কেন্দ্র করে সম্মেলনটি ইসলামি অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সিলেটসহ আশপাশের বিভিন্ন জেলার আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা। আয়োজনটি সফল ও সুশৃঙ্খল করতে বিভিন্ন জেলা ও অঞ্চলে ধারাবাহিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দাওয়াতি কাফেলায় মুফতি আবদুল মুনতাকিমের সঙ্গে ছিলেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানি এবং জামেয়ার উস্তাদ মাওলানা হাবিবুর রহমান।
সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম শায়েখ আব্দুল বছীর। স্বাগত বক্তব্য দেন শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানি। সভায় উপস্থিত ছিলেন গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি বদরুল আলম, জমিয়তে উলামার সেক্রেটারি মাওলানা তৈয়বুর রহমানসহ জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদিস ও বিশিষ্ট আলেম-উলামা।
মতবিনিময় সভায় বক্তারা আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের গুরুত্ব তুলে ধরে আলেম-উলামা ও মাদ্রাসার দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সম্মেলন সফল করতে সম্মিলিতভাবে প্রচার-প্রচারণা ও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজক প্রতিনিধিদলের এ সফরের মধ্য দিয়ে সুনামগঞ্জের আলেম-উলামা ও মাদ্রাসাগুলোর সঙ্গে সম্মেলন আয়োজকদের যোগাযোগ আরও জোরদার হয়েছে। পাশাপাশি আসন্ন সম্মেলনে জেলার ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ