সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ
তাহিরপুর-বাদাঘাট সড়ক

শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:০৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন
শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি
জাহাঙ্গীর আলম ভূঁইয়া::
পর্যটনসমৃদ্ধ তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ তাহিরপুর-বাদাঘাট সড়ক এখন চলাচলের মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নে দুটি প্যাকেজে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এক প্যাকেজের কাজ শুরুই হয়নি। অন্য প্যাকেজের কাজ চলমান থাকলেও রয়েছে ধীরগতি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙন। কোথাও কোথাও পাকা সড়কের ভাঙা অংশে মাটি ফেলে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। এতে ধুলাবালুতে একাকার হচ্ছে সড়ক ও আশপাশের বসতবাড়ি। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা সদর থেকে বাদাঘাট ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। উপজেলার ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র বাদাঘাট বাজারের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান সড়ক এটি। এছাড়া উপজেলার চারটি ইউনিয়নের মানুষ উপজেলা সদর, হাসপাতাল, বাদাঘাট সরকারি কলেজ, জয়নাল আবেদিন ডিগ্রি কলেজ এবং তিনটি শুল্ক স্টেশনে যাতায়াতে সড়কটি ব্যবহার করেন। পর্যটনকেন্দ্র শিমুল বাগান, যাদুকাটা নদী, বারেকটিলা ও শহীদ সিরাজ লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতি বছর খানাখন্দ মেরামতে অর্থ বরাদ্দ দেওয়া হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। বিশেষ করে উপজেলা সদরের সূর্যেরগাঁও থেকে টাকাটুকিয়া সেতু হয়ে হুসনারঘাট পর্যন্ত অংশের অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও পিচঢালাই উঠে গেছে, কোথাও সড়ক ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। ভাঙা অংশে মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ধুলার দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়নকাজ দুটি প্যাকেজে ভাগ করা হলেও একটি প্যাকেজের কাজ গত দুই বছরের বেশি সময় ধরে শুরু হয়নি। অন্যদিকে হুসনারঘাট থেকে সুন্দরপাহাড়ি পর্যন্ত অংশে কাজ চললেও তা এগোচ্ছে ধীরগতিতে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন মানুষ। অটোরিকশাচালক ফারুক মিয়া বলেন, সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের কারণে যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই মানুষ যাতায়াত করছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাকা সড়ক ভেঙে যাওয়ায় কোথাও মাটি ফেলে রাখা হয়েছে। যানবাহন চললেই ধুলায় চারপাশ অন্ধকার হয়ে যায়। মোটরসাইকেলচালক জসিম উদ্দিন বলেন, বর্ষাকালে হুসনারঘাট থেকে পাতারগাঁও পর্যন্ত নৌকায় পারাপার হতে হয়। আর শুষ্ক মৌসুমে হুসনারঘাট থেকে পাতারগাঁও-ইসলামপুর পর্যন্ত মাটির সড়ক চলাচলের দুর্ভোগ বাড়ায়। ভাঙাচোরা সড়কের কারণে প্রায় প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়। টাকাটুকিয়া সেতুর সংযোগ অংশ থেকেও মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষায় নদী পারাপারে গোদারার জন্য টাকা দিতে হয়, পাশাপাশি সময়ও নষ্ট হয়। স্থানীয় বাসিন্দা আবুল মিয়াসহ স্থানীয়রা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সড়ক থেকে উড়ে আসা ধুলাবালুতে আশপাশের বসতবাড়ি ও পরিবেশ দূষিত হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার ও উন্নয়নকাজ শেষ করার দাবি জানান তাঁরা। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর তাহিরপুর-বাদাঘাট সড়কের উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। কাজটি দুটি প্যাকেজে বিভক্ত। এর মধ্যে তাহিরপুর উপজেলা সদর থেকে হুসনারঘাট পর্যন্ত প্রথম প্যাকেজের অনুমোদিত ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা। দ্বিতীয় প্যাকেজে হুসনারঘাট থেকে সুন্দরপাহাড়ি গ্রাম পর্যন্ত কাজের ব্যয় প্রায় ৯৩ কোটি টাকা। দুটি প্যাকেজেরই কার্যাদেশ পায় ঢাকাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুণ কনস্ট্রাকশন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা সদর থেকে হুসনারঘাট পর্যন্ত অংশের কাজ ঠিকাদার শুরু না করায় কার্যাদেশ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। দ্রুতই তা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। দ্রুত কাজ শুরু করে জনদুর্ভোগ নিরসনের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে হুসনারঘাট থেকে সুন্দরপাহাড়ি গ্রাম পর্যন্ত অংশের কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে