ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছুঁইছুঁই
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:১০:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:১০:৩০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেক্সগুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ডেক্সগুতে ৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবর মাসে ১৭৪ জন মারা যায়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ২৪৯ জন। বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৭০ জন। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনায় ১৯৩, বরিশালে ২০৯, রাজশাহীতে ২৪০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৭৪ ও সিলেটে ১৩ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৮১৬ জন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক