বিশেষ প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় সরকারি জমি দখল করে গড়ে তোলা স্থাপনায় সিলগালা করেছে উপজেলা প্রশাসন। টানানো হয়েছে লাল নিশানও। কিন্তু একই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানি লিমিটেডের (বাপেক্স) মালিকানাধীন টেংরাটিলা গ্যাসক্ষেত্রের জমি দখল করে মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ থাকলেও সেসব স্থাপনা রয়েছে বহাল তবিয়তে। একদিকে সরকারি জমি উদ্ধারে প্রশাসনের অভিযান, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স¤পত্তি দখলমুক্ত করতে দৃশ্যমান উদ্যোগের অভাব। একই ব্যক্তির বিরুদ্ধে দুই ধরনের জমি দখলের অভিযোগে প্রশাসনের এমন ভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, টেংরাটিলা বাজার এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে বাণিজ্যিক মার্কেট ও পোল্ট্রি খামার। স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা বাপেক্সের মালিকানাধীন জমিতে নির্মাণ করেছেন আতাউর রহমান ফরাজী নামের এক ব্যক্তি। এছাড়া সরকারি জমি দখল করে পুকুর ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ ও ভোগদখল করে আসছেন তিনি। এমনকি স্থানীয় বাসিন্দাদের জমি দখলের চেষ্টা নিয়েও এলাকায় বিরোধ সৃষ্টি হয়েছে। সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রমের উদ্যোগ নিলে অভিযুক্ত ব্যক্তি বারবার সময় চাওয়ায় তা বিলম্বিত হয় বলে জানা গেছে। সর্বশেষ গত ১২ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা প্রশাসন সরকারি জমিতে তার দখলে থাকা স্থাপনায় সিলগালা করে এবং লাল নিশান টানিয়ে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে প্রশাসনের এই পদক্ষেপের পরও বাপেক্সের স¤পত্তিতে নির্মিত মার্কেট ও পোল্ট্রি খামার উচ্ছেদে কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি। এতে একই ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স¤পত্তি দখলের অভিযোগ থাকলেও দুই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে ভিন্নতা কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের জমি কীভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে মার্কেট ও খামার গড়ে উঠলেও কেন তা উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি - এমন প্রশ্ন স্থানীয়দের। তাঁদের দাবি, সরকারি ও বাপেক্সের জমির সীমানা নির্ধারণ করে দখল হওয়া সব স¤পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টেংরাটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, শুধু সরকারি জমিতে সিলগালা করলেই দায়িত্ব শেষ হয় না। বাপেক্সের স¤পত্তি দখলের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সরকারি ও বাপেক্সের জমির সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখল উচ্ছেদ করা হোক। স্থানীয় বাসিন্দা মোতালিব বলেন, আতাউর রহমান ফরাজী সরকারি সম্পত্তিসহ বিভিন্ন জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এখন স্থানীয় বাসিন্দাদের জায়গাও জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন। এসব নিয়ে এলাকায় স্থানীয়দের সঙ্গে বিরোধ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান ফরাজী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার ভাই সিরাজুল ইসলাম ফরাজী বলেন, কো¤পানির জায়গায় তাদের স্থাপনা হয়েছে, এটা ঠিক। এখন কো¤পানি যদি চায়, তারা সরে যাবেন। এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের জায়গা দখলে নেওয়ার সুযোগ নেই। যদি কেউ তা করে থাকে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, সরকারি জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে ওই স্থাপনায় সিলগালা করা হয়েছে। তিনি আরও বলেন, বাপেক্সের যে জায়গা দখল করা হয়েছে, সে বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষ প্রশাসনের কাছে আবেদন জানালে উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৩৬:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৩৭:১৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিনিধি