শামস শামীম, আন্তালিয়া তুরস্ক থেকে::
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি, জনস্বাস্থ্য, নিরাপদ পানি এবং নবায়নযোগ্য জ্বালানীকে গুরুত্ব দেওয়া হয়েছে। কূটনৈতিক অঞ্চল ব্লু জোন ও গ্রীন জোনের আলোচনা, কর্মশালা ও সংলাপে গুরুত্ব পেয়েছে এসব। ভৌগোলিক কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই আলোচনাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সম্মেলনে আসা বিশেষজ্ঞরা। কপ-৩১ এর প্রথম দিনের কর্মসূচির দিকে দৃষ্টি রেখে দেখা গেছে কুটনৈতক অঞ্চল ব্লু জোনেও খাদ্য নিরাপত্তা, কৃষি ও জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা ছিল শীর্ষে। দিনভর বিশেষ গুরুত্ব পেয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ব্যাহত বৈশ্বিক খাদ্য সরবরাহ ও কৃষির সুরক্ষার বিষয়ে। খাদ্য ও কৃষি প্যাভিলিয়ন উদ্বোধনের পর নির্দিষ্ট সেশনে বারবার উঠে আসে বৈরী আবহাওয়া, দীর্ঘমেয়াদী খরা, বন্যা ও লবণাক্ততার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে পতনের তথ্য ও তা ঠেকানোর উপায়। বাংলাদেশের মতো নদীমাতৃক, হাওর ও উপকূলবর্তী অঞ্চলের খাদ্য নিরাপত্তা সুরক্ষার বিষয়টি আলোচনাকে সামনে নিয়ে এসেছে। খাদ্য অপচয় রোধ সংক্রান্ত প্যানেলে কৃষি ও বর্জ্য খাত থেকে নির্গত মিথেন জনস্বাস্থ্যের ওপর যে ভয়ঙ্কর প্রভাব ফেলছে, তা কমানোর বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার গুরুত্বারেপ করা হয়। রাষ্ট্রপুঞ্জের দেনদরবারে বৈশ্বিক এই সংকটকে পৃথিবীর নামনে আবার উন্মোচিত করেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্ব জুড়ে কৃষিক্ষেত্রের গভীর সংকট মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে যৌথ উদ্যোগ নেবার দাবি জানানো হয়। এদিকে নাগরিক সমাজ, লেখক, গবেষক, পরিবেশকর্মীদের গ্রীন জোনেও আলাদাভাবে এসব বিষয়ই গুরুত্ব পেয়েছে। এছাড়া জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমিয়ে সোলার পাওয়ার ও হাইড্রোজেন শক্তির মতো টেকসই বিকল্প বিষয়ে প্রযুক্তির প্রদর্শন করা হয়। খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের আলোচনায় খাদ্য অপচয় রোধ নিয়ে কথা হয়। সম্মেলনে কথা হয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনভায়রনমেন্টাল ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক শাহ ইশরাত আজমেরি’র সঙ্গে। তিনি বলেন, শুধু আমাদের বাংলাদেশই নয় সারা বিশ্বই খাদ্য সংকটের মুখে রয়েছে। কপ-৩১ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় দুটি জোনেই গুরুত্ব পেয়েছে। বন্যাপ্রবণ দেশে আমাদের দেশে এই সংকট আরো উদ্বেগের। জলবায়ু তহবিলের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছি আমরা। এটা নিশ্চিত হলে আমাদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি আরো ফলপ্রসূ হবে। তবে আমাদেরও ঝুঁকি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রাখতে হবে। সম্মেলনে কথা হয় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজনাস নলেজ’র নগর গবেষক জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, জলবায়ু প্রভাবে বিপর্যস্ত খাদ্য নিরাপত্তা নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। প্রথম দিনের আলোচনায় সেই বিষয়টিই প্রাধান্য পেয়েছে। মোট জ্বালানীর ৭০ ভাগ ব্যয় করে নগরবাসী। বিপরীতে গ্রামবাসী মাত্র ৩০ ভাগ জ্বালানী ব্যয় করে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু ক্ষতির জন্য তারা জীবন বাঁচাতে নগরে চলে এসে অনিশ্চিত জীবনের মুখে পড়ে। তাদের পুনবার্সনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করে নগরে জ্বালানী বৈষম্য দূর করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কপ-৩১
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ