জামিন পেলেন ছাত্রলীগ নেতার কিশোরী বোন
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৯:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সী ছোট বোন জামিন পেয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী। এর আগে গত ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), ১৪ বছর বয়সী ছোট বোন এবং প্রিন্সের চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রিন্সের চার বন্ধু হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)। পরদিন ১ নভেম্বর প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বয়স ১৮ বছরের কম হওয়ায় প্রিন্সের বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ নভেম্বর তার মা শামী আক্তার পলিও আদালত থেকে জামিন পান। পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পুলিশের দাবি, এ সময় প্রিন্সের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের ওপর হামলা করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ওই রাতেই প্রিন্সকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ