যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে দুই নৌকা আটক, এক লাখ টাকা অর্থদণ্ড
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:২২:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:২২:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে ও ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় দুটি স্টিলবডি নৌকা আটক এবং পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলার যাদুকাটা নদীর ঝালরটেক ও ঘাগটিয়া আদর্শ গ্রাম এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় সেখানে কাউকে পাওয়া যায়নি।
পরে জামালেরচর সংলগ্ন ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি স্টিলবডি নৌকা আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদুকাটা নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ