বিশ্বজিত রায়, সীমান্ত এলাকা থেকে ফিরে :: সুনামগঞ্জের তিন সীমান্তে চালু হওয়া এক সময়ের জাঁকজমকপূর্ণ ‘বর্ডার হাট’ এখন সুনসান। বাংলাদেশ-ভারতের সমন্বয়ে কার্যক্রম শুরু হওয়া বর্ডার হাট দু’দেশের শুল্কমুক্ত পণ্য কেনাবেচায় ব্যাপক সাড়া ফেলেছিল। এর মাধ্যমে পাহাড়ী সীমান্তের দুর্গম এলাকায় তৈরি হয়েছিল বিকল্প কর্মসংস্থানের সুযোগ। বর্ডার হাট চালুর মাধ্যমে সুফল পেয়েছিল কয়েক হাজার মানুষ।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতায় জেলার তিনটি বর্ডার হাট বন্ধ হয়ে যায়। এরপর থেকে সীমান্ত এলাকায় এক ধরনের স্থবিরতা দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে আবার বর্ডার হাট চালুর দাবি জানিয়েছেন সীমান্তবাসী। তবে বর্ডার হাট চালুর ব্যাপারে আশা জাগানিয়া তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। ২০১২ সালের ২৪ এপ্রিল সুনামগঞ্জের প্রথম বর্ডার হাট (সীমান্ত হাট) চালু হয় ডলুরা সীমান্তে। এর অবস্থান সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয় রাজ্যের বালাট সীমান্ত এলাকায়। ২০২২ সালের ১২ মে চালু হয় জেলার দ্বিতীয় সীমান্ত হাট। এটি দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি ও ভারতের মেঘালয়ের রিংকু সীমান্তে পড়েছে। জেলার তৃতীয় বর্ডার হাটের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ২৪ মে। এই হাট তাহিরপুর উপজেলার লাউড়েরগড় (শাহিদাবাদ) ও ভারতের একই রাজ্যের নালিকাটা সীমান্তে অবস্থিত।
শুরুর পর থেকে করোনা মহামারির সময় বর্ডার হাট সাময়িক বন্ধ থাকলেও পরে আবার চালু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় আড়াই বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে এর কার্যক্রম। সীমান্তবর্তী লোকজন, ব্যবসায়ী ও শ্রমিকসহ সকলের চাওয়া দুই দেশের আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আবার খোলা হোক বর্ডার হাটের সীমান্ত দোয়ার। এতে স্থানীয়দের উৎপাদিত কাঁচামাল বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহণ ও শ্রমনির্ভর কর্মসংস্থানের পথ সুগম হবে।
সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা ও দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি ঘুরে দেখা যায়, পাহাড়ি মনোরম পরিবেশে ঠায় দাঁড়িয়ে আছে বর্ডার হাটের টিনসেড স্থাপনাগুলো। এর কোনটিতে ৫টি, কোনটিতে ৩টি করে মোট ৫০টি দোকানকোঠা নির্ধারিত আছে। বর্ডার হাটের বাংলাদেশ অংশের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকলেও তারকাঁটা বেষ্টনি পার হয়ে ফুটবল খেলতে দেখা যায় স্থানীয় কিশোরদের।
হাটের প্রতিটিতে দুই দেশের ২৫ জন করে মোট ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দা ব্যবসা করার সুযোগ পেতেন। এ হাটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্প, কৃষিজাত যন্ত্রপাতি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী, গৃহস্থালির পণ্য বেচাকেনা হতো। হাটগুলো বন্ধ হওয়ায় স্থানীয় ব্যবসা ও শ্রমনির্ভর কর্মসংস্থানের সুযোগ হাতছাড়া হয়েছে দাবি স্থানীয়দের। সম্প্রতি ডলুরা ও বাগানবাড়ি এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সাথে। সীমান্তঘেঁষা ডলুরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাধনা বেগম বলেন, প্রতি মঙ্গলবার বাজার বইতো। প্রচুর মানুষ হইতো। দুই দেশের মানুষই থাকতো। ব্যবসা ভালাই হইতো।
বর্ডার হাটে সুযোগ-সুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন, আমরার মাইনষে সবজি-সাবজাসহ অনেক কিছুই বেচতো। ভারতের মানুষে বিভিন্ন জিনিস নিয়া আইতো। এইসব মালামাল কম দামে কিনতে পারতাম আমরা। বর্ডার হাট খোলায় উপকার হইছিল। বাজার বন্ধ হওয়ায় চলতে সমস্যা। এই বাজারটা চালু হইলে ভালা।
ডলুরা গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানিয়েছেন, এই হাটে ভারতীয় অনেক পণ্য সস্তায় পাওয়া যেতো। এখানকার উৎপাদিত সবজি ভারতীয়দের কাছে দ্বিগুণ দামে বিক্রি করতে পারতো কৃষক। ব্যবসার পাশাপাশি শ্রমিক হিসেবে কাজ করে আয়-রোজগারের সুযোগ ছিল। বর্ডার হাটকে ঘিরে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছিল।
পুনরায় বর্ডার হাট চালুর দাবি জানিয়ে তারা বলেন, হাসিনা সরকারের আমলে এই বাজার চালু হয়েছিল। তাঁর পতনের পর সেটা বন্ধ হয়ে যায়। এখন সীমান্ত এলাকা অনেকটা স্থবির। এটি চালু হলে সীমান্তে আবার প্রাণ সঞ্চারিত হবে।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, সীমান্তবাসীকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছিল বর্ডার হাট। এ হাটে শুল্কমুক্ত পণ্য কেনাবেচার সুযোগ ছিল। এতে জেলার তিন হাটে অন্তত কয়েক হাজার মানুষ লাভবান হয়েছিল। চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী তা বন্ধ হওয়ায় স্থানীয়দের আর্থিক স্বচ্ছলতার পথ রুদ্ধ হয়ে যায়। সকলের দাবি- হাট চালু হোক।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, হাটগুলো কোন পর্যায়ে আছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, আমরা জানিয়ে দিয়েছি। বর্ডার হাট চালু হবে, এ রকম সুনির্দিষ্ট কোন তথ্য নেই। এটা সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাট সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক। হাটের গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলাপ আলোচনা হচ্ছে। দেখা যাক কি হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুফল বঞ্চিত কয়েক হাজার মানুষ, দ্রুত চালুর দাবি স্থানীয়দের
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:১৮:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:২০:৫২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ