সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক
বোরো মৌসুমের শুরুতেই হাওরে সেচের তীব্র সংকট

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫২:৩৮ পূর্বাহ্ন
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি
শহীদনূর আহমেদ::
বোরো মৌসুম শুরুর আগেই সুনামগঞ্জের হাওরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র সেচসংকট। স্বাভাবিক সময়ের অনেক আগেই হাওর থেকে পানি নেমে যাওয়ায় উঁচু এলাকার বিস্তীর্ণ ফসলি জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টিপাত না হওয়া এবং সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছে বীজতলা তৈরির প্রস্তুতি। কোথাও কোথাও বীজতলা তৈরির মাঠে গবাদিপশু চরছে। অন্যদিকে শুকনো জমি চাষের উপযোগী করতে বাড়তি অর্থ ব্যয়ের আশঙ্কায় অনেক কৃষক বোরো আবাদ নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন। কেউ কেউ ইতোমধ্যে জমিতে ধান চাষের আশা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। এ পরিস্থিতিতে জেলার বিভিন্ন হাওরের উঁচু এলাকার শত শত হেক্টর জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকরা জানান, প্রতিবছর কার্তিক মাসের শেষ পর্যন্ত হাওরে পানি থাকে। নভেম্বরের শেষ দিকে শুরু হয় বোরো মৌসুমের প্রস্তুতি। কিন্তু এবার অক্টোবরের শেষ দিকেই অধিকাংশ হাওর থেকে পানি নেমে গেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় মাটির আর্দ্রতা দ্রুত কমে গিয়ে জমি শক্ত হয়ে পড়েছে। ফলে হালচাষ ও বীজতলা তৈরির আগে জমিতে পানি দিতে হচ্ছে। মেশিনের সাহায্যে পানি সেচ দিতে প্রতি কেয়ার জমিতে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে বলে জানিয়েছেন কৃষকেরা। স্বাভাবিক চাষাবাদ ব্যয়ের বাইরে এই বাড়তি খরচ বহন করা অনেক কৃষকের পক্ষেই কঠিন। তার ওপর হাওরাঞ্চলে পর্যাপ্ত খাল, বিল, ডোবা কিংবা পানির প্রবাহমান উৎস না থাকায় বিকল্প সেচের ব্যবস্থাও সীমিত। সরেজমিনে সুনামগঞ্জ সদর উপজেলার ডাউকা, দামরাই ও দেখার হাওর, কাংলার হাওর, তাহিরপুরের শনি ও মাটিয়ান হাওর এবং জামালগঞ্জের মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বীজতলার মাঠ এখন পানিশূন্য। যে সময় এসব মাঠে বোরো ধানের চারা গজানোর কথা, সেখানে এখন গবাদিপশু চরছে। হাওরের উঁচু এলাকার অনেক জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও জমির মাটি এতটাই শুকিয়ে শক্ত হয়ে গেছে যে সেচ ছাড়া চাষাবাদের প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। সদর উপজেলার কাঠইর ইউনিয়নের দামরাই হাওরের কৃষ রফিক মিয়া জানান, বোরো সিজনের শুরুর আগে হাওর থেকে পানি সরে যাচ্ছে। পানি ধরে রাখার কোনো ব্যবস্থা না থাকায় হাওরের সকল জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। পানি সেচের কোনে ব্যবস্থা নেই। নদী থেকে পানি নিয়ে আসতে অনেক টাকা খরচ পড়বে। এলাকার কৃষকরা বড় বিপদে আছেন। অনেকেই জমি চাষের আশা ছেড়ে দিয়েছেন। মফিজুল নামের আরেক কৃষক বলেন, হাওরে আমার ২৯ কেয়ার জমির মধ্যে ২২ কেয়ার জমি শুকিয়ে গেছে। পানির ব্যবস্থা করতে পারছি না। পানির ব্যবস্থা না হলে জমি চাষ করতে পারবো না। সরকার যদি সেচের ব্যবস্থা না করে দেয় তবে জমি চাষের আশা ছেড়ে দিতে হবে। সুনামগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এখন বীজতলা তৈরি করার সময়। তবে মাঠ পর্যায়ে যে খবর পাচ্ছি তা সুখবর নয়। পানি শুকিয়ে যাচ্ছে। পানির প্রাকৃতিক সংস্থানে যদি পানি ধরে না রাখা যায় তবে সেটি কৃষকদের জন্য ক্ষতি হবে। এতে চাষাবাদের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল যে এবার খরা ও অনাবৃষ্টির প্রভাব পড়তে পারে। বীজতলায় ঠিকমতো পানি না পেলে ফসল উৎপাদন ব্যাহত হবে। এ জন্য যেসব এলাকায় পানির উৎস রয়েছে, সেখান থেকে পানি এনে বীজতলা প্রস্তুত করতে হবে। কৃষকেরা ডিপ টিউবওয়েলের দাবি জানালেও হুট করে তা বসানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের সচেতন করার পাশাপাশি বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নেই। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ এবং ১০ হাজার ৪৬৮ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি