স্টাফ রিপোর্টার::
সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা মাহিদুল ইসলাম ইকবালের সভাপতিত্বে এবং পরিদর্শক সুব্রত দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন কাশফুল মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মোস্তাক আহমেদ আল আমিন, জালালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রওশন আরা বেগম এবং বন্ধন সঞ্চয় সমবায় সমিতির সভাপতি পলাশ চন্দ্র দাস। সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তবে সমবায় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে স্বচ্ছতা, জবাবদিহি এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা, পানি ব্যবস্থাপনা ও সঞ্চয় কার্যক্রমে আরও সম্প্রসারণ করতে হবে। এতে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৩:৪৪:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৩:৪৫:৩৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ