বিশ্বম্ভরপুরে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৭:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৭:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশ্বম্ভরপুরে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তারের পরিকল্পনায় আয়োজিত এ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় ইউএনও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে। একই অভিমত ব্যক্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল মিয়া। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, ফতেপুর কেন্দ্রে ১১৬ জন, বিশ্বম্ভরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৮ জন এবং পলাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ে অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো’ - এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগ বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং নিজেদের মেধা বিকাশের সুযোগ তৈরি হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ