কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম রুফাইদা জান্নাত
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৮:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৮:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ইভেন্টে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে রুফাইদা জান্নাত রাহা।
জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর কামিল (এমএ) মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী রুফাইদা জান্নাত রাহা। তার বাবা মো. জহিরুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রভাষক।
বর্ষব্যাপী এ আয়োজনে ইবতেদায়ি ‘গ্রুপ-খ’ (৩য়-৫ম শ্রেণি) এর শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় দুটি ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে। এবার সিলেট বিভাগের হয়ে কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছে রুফাইদা জান্নাত রাহা।
তার এ গৌরবময় অর্জনে তার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী জাতীয় পর্যায়ে যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এই তাদের প্রত্যাশা।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট জেলা শিল্পকলায় সকল জেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভাগীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের মধ্য থেকে শুধু প্রথম স্থান নির্ধারণ করা হয় এবং তাদের মধ্যে মেডেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ