স্টাফ রিপোর্টার::
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং যাত্রী ও সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ সার্কেলের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রনবীর তালুকদার রক্তিম।
এ ছাড়া বক্তব্য দেন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহসভাপতি ওবায়দুল হক মিলন, ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি ফয়জুনূর এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের সচেতন হলেই চলবে না যাত্রী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা অনুসরণ, সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। পাশাপাশি চালকদের সঙ্গে যাত্রী ও সাধারণ মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। বক্তারা আরও বলেন, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন চালকের অসতর্কতা কিংবা দায়িত্বহীনতা মুহূর্তেই কেড়ে নিতে পারে একাধিক মানুষের প্রাণ। তাই চালকদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগী থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তাঁরা। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি সভায় তুলে ধরা হয়। আলোচনায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবহন খাতে দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। বক্তাদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। আলোচনা সভা শেষে চারজন শ্রেষ্ঠ চালককে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের এ সম্মাননা অন্য চালকদেরও পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার কাজে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্বের বিষয়টি গুরুত্ব পায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:৫৭:৫০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ