ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩, পলাতক ২
- আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৮:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিকে মানব পাচারকারী হিসেবে উল্লেখ করেছে বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) ও শার্শা উপজেলার ফাতেমা (১৮)।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত। অন্যদিকে, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় আরও দুজনের স¤পৃক্ততার তথ্য পেয়েছে বিজিবি। তারা হলেন দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। বিজিবির অভিযানের সময় তারা পালিয়ে যান। আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ