দুর্গোৎসবে নির্বাচনী আমেজ, মন্ডপে মন্ডপে সম্ভাব্য প্রার্থীদের প্রচার
- আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৪১:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৪১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গোৎসব ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পূজামন্ডপে জমে উঠে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অনুদান প্রদান, নানা প্রতিশ্রুতি এবং সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় ধর্মীয় উৎসবের আবহে যুক্ত হয় নির্বাচনী আমেজ। বিশেষ করে দোয়ারাবাজার উপজেলায় সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উৎসবকে কেন্দ্র করে মন্ডপে মন্ডপে তাদের উপস্থিতি, সমর্থকদের জমায়েত ও প্রচার-প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এসব তৎপরতায় পূজামন্ডপগুলোতে উৎসবের আনন্দের পাশাপাশি স্থানীয় নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশও গুরুত্ব পায়।
দোয়ারাবাজার উপজেলায় এবার ২৪টি পূজামন্ডপে সার্বজনীন দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। বিভিন্ন মন্ডপে পূজারি ও দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি দেখা গেছে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা। তাদের সঙ্গে আসছেন সমর্থকেরাও। কোথাও মোটরসাইকেল শোভাযাত্রা ও জমায়েতের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজামন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছেন। ধর্মীয় উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরা এবং জনসমর্থন বাড়ানোই তাদের তৎপরতার অন্যতম উদ্দেশ্য বলে মনে করছেন স্থানীয়রা। তবে এসব কার্যক্রমের কোনটি নিছক শুভেচ্ছা বিনিময়, আর কোনটি নির্বাচনী প্রচারের অংশ - তা নিয়ে এলাকাভেদে আলোচনা রয়েছে।
দোয়ারাবাজারের বাইরেও জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপগুলোতে উৎসবকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের উপস্থিতি দেখা যায়। পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কোথাও সহযোগিতা ও অনুদানের মাধ্যমে পূজা উদ্যাপনে পাশে দাঁড়ায়েছেন তারা। তবে জেলার সব উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার মাত্রা সমান নয়।
এদিকে রাজনৈতিক তৎপরতার মধ্যেও দুর্গোৎসবের মূল আকর্ষণ হয়ে ছিল পূজা-অর্চনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি। পূজামন্ডপ ঘুরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করেছেন। উৎসবের সার্বিক পরিবেশ নিয়েও তাদের মধ্যে স্বস্তি ছিল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সব সময় তৎপর ছিল। পূজারিরা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। শেষ দিনের আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জন ঘিরেও পূজাম-পগুলোতে মানুষের সমাগম ছিল লক্ষণীয়। সব মিলিয়ে সুনামগঞ্জে এবারের দুর্গোৎসব ধর্মীয় উৎসব, সম্প্রীতি ও সামাজিক মিলনমেলার পাশাপাশি সম্ভাব্য জনপ্রতিনিধিদের জনসংযোগের উপলক্ষ হয়ে উঠে
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ