হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০১:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০১:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে হাওর থেকে মাটি কাটতে গিয়ে পানিতে ডুবে গোলাম নুর (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মানিকখিলা হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাসিন্দা ও মৃত আরফান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নৌকা নিয়ে মানিকখিলা হাওরে যান গোলাম নুর। হাওরের উঁচু স্থান থেকে মাটি কেটে বাড়িতে আনার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দিন গড়িয়ে বিকেল হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনেরা তার খোঁজ শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে হাওরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মাটি কাটতে গিয়ে কোনো একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম নুরের পরিবারটি অত্যন্ত দরিদ্র। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ