সুনামগঞ্জে বাণিজ্য মেলার অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বর্ণাঢ্য আয়োজনে বাণিজ্য মেলা-২০২৬ এর অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক কর্মকা-ে গতি সঞ্চার এবং জেলাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তবে মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো ও অশালীন প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর সুনামগঞ্জ শহরের ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মেলার অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেলার অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক। পরে মেলার সার্বিক সাফল্য, স্থানীয় ব্যবসায়ী সমাজের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামছুল হক বলেন, এবারের বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হবে না। পাশাপাশি যেকোনো ধরনের অশালীন প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মেলাকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশে আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি সব বয়সী মানুষকে সপরিবারে মেলায় আসার আহ্বান জানান।
আয়োজকদের এ ঘোষণা বাস্তবায়িত হলে মেলাকে ঘিরে উচ্চ শব্দ, শব্দদূষণ ও অশালীন প্রদর্শনী নিয়ে সম্ভাব্য উদ্বেগ কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাসিম উদ্দিন লালা, জেলা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন, রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা।
আয়োজকেরা জানান, দ্রুততম সময়ের মধ্যে মেলার মাঠ প্রস্তুত ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মেলায় স্থানীয় ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ