শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৫১:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১২:১০:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী পর্বের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এ আয়োজন। বৃহ¯পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা শহরস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে এবং সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। প্রধান অতিথির বক্তব্যে শাকিলা রহমান বলেন, শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের যৌথ দায়িত্ব। শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. মোতাছেম বিল্লাহ, জেলা মহিলা দলের সাধারণ স¤পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আজাদ, ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার তিতুস হাছা, ইসলামিক রিলিফ প্রতিনিধি পূরবী রায় এবং জাগরণী চক্রের প্রকল্প পরিচালক হিমাদ্রি ভদ্র। আলোচকগণ তাদের বক্তব্যে শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছরের পথচলাকে স্মরণ করে এর গুরুত্ব ও অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিশুরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ